জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের চূড়ান্ত পর্বে অংশ নেওয়া নারী ফুটবলার, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি উপহার দিয়েছেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
অন্যান্য জেলা থেকে টাঙ্গাইলে আসা খেলোয়াড় ও কর্মকর্তাদের সম্মান জানাতে এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রতিযোগিতা থেকে বিদায় নেওয়া ৫টি দলের প্রায় ১১০ জন সদস্যের হাতে উপহারের এই শাড়ি তুলে দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীর পক্ষে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও টাঙ্গাইল জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এই উপহার হস্তান্তর করেন।
ব্যতিক্রমী এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিভিন্ন জেলা থেকে আসা উঠতি কিশোরী ফুটবলার ও দলগুলোর কর্মকর্তারা। মাঠের লড়াইয়ের পাশাপাশি এমন স্মরণীয় উপহারের জন্য তারা প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ উদ্যোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “আমাদের জেলায় খেলতে আসা খেলোয়াড় ও সংশ্লিষ্ট প্রত্যেকেই আমাদের সম্মানিত অতিথি। টাঙ্গাইলের তাঁতের শাড়ির যে বিশ্বজোড়া সুনাম রয়েছে, তা উপহার দেওয়ার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে আমাদের সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য। এছাড়া কিশোরীদের খেলাধুলায় আরও উৎসাহিত করতেই এই ভাবনা।”
তিনি আরও যোগ করেন, “তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে পারলে তারা মাদক ও নানা অপসংস্কৃতি থেকে দূরে থাকবে এবং দেশের জন্য সম্মান বয়ে আনবে।”
টুর্নামেন্টের বর্তমান চালচিত্র
জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সহযোগিতায় এবং বাফুফের আয়োজনে তৃণমূলের প্রতিভাবান নারী ফুটবলারদের তুলে আনতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের চূড়ান্ত পর্বে ৮টি দল অংশ নিয়েছে।
‘এ’ গ্রুপ: টাঙ্গাইল, রংপুর, ঝিনাইদহ ও চাঁপাইনবাবগঞ্জ।
‘বি’ গ্রুপ: গাইবান্ধা, রাঙ্গামাটি, মাগুরা ও রাজবাড়ী।
শুক্রবার (১৪ আগস্ট) প্রথম সেমিফাইনালে মাগুরাকে ৪-০ গোলে হারিয়ে রংপুর জেলা দল ফাইনালে প্রবেশ করেছে। শনিবার দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক টাঙ্গাইলের মুখোমুখি হচ্ছে রাঙ্গামাটি। এ ম্যাচ থেকে বিদায় নেওয়া দলটির হাতেও তুলে দেওয়া হবে প্রতিমন্ত্রীর এই উপহার।
উল্লেখ্য, গত ৭ আগস্ট টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছিল। আগামী সোমবার (১৭ আগস্ট) একই ভেন্যুতে মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে।
বাংলা৭১নিউজ/এসএইচবি























