ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট চেলসি লেফট-ব্যাক পজিশনে নতুন সাইনিংয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। লা লিগার ক্লাব রায়ো ভাল্লেকানোর স্প্যানিশ লেফট-ব্যাক পেপ চাভারিয়াকে দলে ভিড়িয়েছেন ব্লুজরা।
ভায়েকানো থেকে ১৬.৩ মিলিয়ন পাউন্ডে (১৯ মিলিয়ন ইউরো) ব্লুজদের সাথে পাঁচ বছরের চুক্তি স্বাক্ষর করেছেন চাভারিয়া। এর সঙ্গে পারফরম্যান্সভিত্তিক আরো ১.৭ মিলিয়ন পাউন্ডের অ্যাড-অন যুক্ত রয়েছে।
বৈশ্বিক স্পোর্টস নেটওয়ার্ক বিইন স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, চলতি দলবদল মৌসুমের শুরুতে চেলসির নিয়মিত লেফট-ব্যাক মার্ক কুকুরেলা রিয়াল মাদ্রিদে যোগ দেয়। এতে ব্লুজদের লেফট-ব্যাক পজিশন ফাঁকা হওয়ায় তার বিকল্প হিসেবে ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারকে স্ট্যামফোর্ড ব্রিজে আনা হয়েছে।
রায়ো ভাল্লেকানোর হয়ে চার সিজনে মোট ১২৫টি ম্যাচ খেলেছেন তিনি। গত ২০২৫-২৬ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচ খেলেন। এতে ক্লাবটিকে উয়েফা কনফারেন্স লীগের ফাইনাল এবং লা লিগায় ৮ম স্থানে শেষ করতে বড় অবদান রাখেন এই স্প্যানিশ তারকা।
চেলসিতে যোগ দিয়ে চাভারিয়া বলেন, আমি খুবই আনন্দিত, চেলসিতে শুরু করতে মুখিয়ে আছি।
এটা আমার জন্য একটা স্বপ্ন, কারণ চেলসি বিশ্বের অন্যতম সেরা ক্লাব। এটা একটা বড় সুযোগ, কিন্তু আমি প্রস্তুত এবং দলকে সাফল্য এনে দিতে কঠোর পরিশ্রম করব।
এই মুহূর্ত পর্যন্ত পৌঁছাতে আমাকে অনেকেই সাহায্য করেছেন এবং আমাকে আমার পরিবারকে ধন্যবাদ জানাতেই হবে। তারা সব সময় আমাকে সমর্থন করেছে এবং আজকের এই সাফল্য শুধু তাদের কারণেই সম্ভব হয়েছে।
চেলসির নতুন কোচ জাবি আলোনসো রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকাকালীন রায়ো ভাল্লেকানোর বিপক্ষে ম্যাচে চাভারিয়ার রক্ষণাত্মক পারফরম্যান্সে মুগ্ধ হয়েছিলেন।
আলোনসোর পছন্দের উইংব্যাক সিস্টেমে তিনি দারুণ ভূমিকা রাখতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।
আগামী শনিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে চেলসির শেষ প্রাক-মৌসুম ম্যাচে চাভারিয়া খেলতে পারেন। অন্যদিকে ২৪শে আগস্ট ফুলহ্যামের বিপক্ষে তার প্রিমিয়ার লিগ অভিষেক হতে পারে।
লিগে ব্রাইটনের বিপক্ষে প্রথম হোম ম্যাচের আগে ব্লুজরা ইএফএল কাপে লুটন টাউনেরও মুখোমুখি হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ























