চট্টগ্রামের আনোয়ারায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ছয়টি সিএনজি চালিত রিকশা (অটোরিকশা) দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় দুই নারী নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার টানেল সংযোগ চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পলি দত্ত (৩০)। তিনি উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিউরি এলাকার রমিজ মেম্বারের বাড়ির বাসিন্দা। তার স্বামী কাজল দত্ত। তিনি দুই সন্তানের জননী। অপর নিহত ব্যক্তি একই এলাকার শিমুল শীলের স্ত্রী ইফা শীল (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস টানেল সড়ক থেকে বের হয়ে টানেল চত্বরে একসঙ্গে থাকা কয়েকটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে সড়কের পাশে আব্দুল মান্নানের চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে অটোরিকশাগুলো দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোরিকশা চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। এ সময় দোকানিও আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দুজনকে মৃত ঘোষণা করা হয়। পরে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই দুই নারীর মৃত্যু হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলা৭১নিউজ/জেএস






















