রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ মামলায় গ্রেপ্তার সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরের দিকে তাকে ডিবি কার্যালয় থেকে ট্রাইব্যুনালে আনা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ কিছুক্ষণ পর তাঁকে উপস্থাপন করা হবে।
ট্রাইব্যুনাল প্রসিকিউশনের বক্তব্য শুনে নিয়মানুযায়ী তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিতে পারেন ট্রাইব্যুনাল।
শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় গত সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-২। এই মামলার ১০ নম্বর আসামি হিসেবে ২০১৩ সালে তৎকালীন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী শাপলা চত্বরে গণহত্যার ঘটনার পরিকল্পনাকারী ছিলেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার সূত্রে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে গুলশান-১-এর নিজ বাসভবন থেকে আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। ট্রাইব্যুনালে আনার আগ পর্যন্ত তিনি ডিবির হেফাজতেই ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএএইচ
























