চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম ২৭ দিনেই দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্সের প্রবাহ আড়াই বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। এ সময়ে বৈধ পথে এসেছে ২৫২ কোটি ৪০ লাখ (২ দশমিক ৫২ বিলিয়ন) মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ২ শতাংশ বেশি। রেমিট্যান্সের এ শক্তিশালী প্রবাহে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ১ থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশে মোট ২৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ প্রায় ৩০ হাজার ৭৯৩ কোটি টাকা। গত ২০২৫–২৬ অর্থবছরের একই সময়ে দেশে এসেছিল ২০৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম পাঁচ দিনে দেশে এসেছিল ৫৬ কোটি ৭০ লাখ ডলার। এরপর ধারাবাহিকভাবে রেমিট্যান্সের প্রবাহ বাড়তে থাকে। প্রথম ২১ দিনে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২০৯ কোটি ৫০ লাখ ডলার, যা ২৭ দিনে বেড়ে ২৫২ কোটি ৪০ লাখ ডলারে পৌঁছেছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ২৭ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ হাজার ১৮৫ কোটি টাকা। প্রবৃদ্ধির হিসাবে এ বৃদ্ধি ২০ দশমিক ২ শতাংশ।
এদিকে রেমিট্যান্সের ইতিবাচক প্রবাহের কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও ভালো অবস্থানে রয়েছে। বর্তমানে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ৩৬ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। গত সপ্তাহে এ রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৪৮ বিলিয়ন ডলার।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং প্রবাসীদের জন্য দেওয়া প্রণোদনার ফলে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি আমদানি ব্যয় পরিশোধ ও বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।
বাংলা৭১নিউজ/জেএস























