বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ৭ আরোহীর মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় নিখোঁজ রয়েছেন একজন পর্যটক। তাকে উদ্ধারে বিজিবির নেতৃত্বে সমন্বিত অভিযান চলছে।
শনিবার (২৫ জুলাই) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৪ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ২১ মিনিটে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধীন টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ বড়পাথর এলাকায় তীব্র স্রোতের কারণে ৭ জন আরোহীসহ একটি পর্যটকবাহী নৌকা সাঙ্গু নদীতে ডুবে যায়।
ঘটনার সময় রেমাক্রি থেকে থানচিগামী বিজিবির একটি টহলদল তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে চারজন পর্যটক, নৌকার মাঝি ও ট্যুরিস্ট গাইডসহ মোট ছয়জনকে জীবিত উদ্ধার করে। তবে মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান (২৪) নামে এক পর্যটক এখনও নিখোঁজ রয়েছেন। তিনি ময়মনসিংহের মাসকান্দা গ্রামের বাসিন্দা এবং মো. হেলাল উদ্দিন ও মোছা. দেলোয়ারা আক্তারের ছেলে।
৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারে চারটি বিশেষ টহলদল সাঙ্গু নদীতে অভিযান চালিয়ে যাচ্ছে। উদ্ধার কাজে স্থানীয় জনপ্রতিনিধি, নৌকার মাঝি, ট্যুরিস্ট গাইড এবং স্থানীয় বাসিন্দারাও অংশ নিয়েছেন।
উদ্ধার কার্যক্রম জোরদারে বিজিবির উদ্যোগে থানচি ফায়ার সার্ভিসকে সম্পৃক্ত করা হয়েছে। তবে স্থানীয় ইউনিটে ডুবুরি না থাকায় নদীর তলদেশে অনুসন্ধান সম্ভব হয়নি। এ কারণে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। দলটি পৌঁছানোর পর নদীর তলদেশে বিস্তারিত তল্লাশি চালানো হবে।
বিজিবি জানিয়েছে, নিখোঁজ পর্যটককে উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরবচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।
বাংলা৭১নিউজ/এবি
























