ভিয়েতনামে অনুষ্ঠিত ‘দা নং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সেরা এশিয়ান চলচ্চিত্রের পুরস্কার জিতে নিল ‘রইদ’ সিনেমা। উৎসবের অন্যতম মর্যাদাপূর্ণ ‘ক্রিটিকস অ্যাওয়ার্ড ফর বেস্ট এশিয়ান ফিল্ম’ ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালক সিনেমাটি। বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।
শনিবার (৪ জুন) এক পোস্টে সুখবরটি জানিয়ে সুমন লেখেন, “দা নং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘রইদ’ চলচ্চিত্রটি সমালোচক শাখায় সেরা এশিয়ান চলচ্চিত্রের পুরস্কার জেতায় সম্মানিত বোধ করছি।”
তিনি আরও লিখেছেন, ‘আমাদের গল্পগুলোকে বড় মঞ্চে তুলে ধরার জন্য উৎসবের সবাইকে ধন্যবাদ। যারা আমাদের সিনেমার ওপর ভরসা রেখেছেন এবং জুরি বোর্ডের সম্মানিত সদস্য কং রিথডি, হোয়াং ক্যাম জিয়াং ও হোয়াং থু হ্যাং, সবার প্রতি আমি কৃতজ্ঞ।’
‘রইদ’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত প্রমুখ। সিনেমাটির গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ ও সুকর্ণ শাহেদ ধীমান। শুটিং হয়েছে সিলেটের সুনামগঞ্জে। জানা গেছে, এই সিনেমা দিয়ে অনেক অভিনয়শিল্পী প্রথমবার দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। সিনেমার জন্য তৈরি করতে তাদের নিয়ে ছয় মাসের ওয়ার্কশপ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস