বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই সনদকে অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না: প্রধানমন্ত্রী ব্যাংক-আর্থিক খাতে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী রাজনৈতিক কারণে দায়ের করা ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষককে তিন মাস সহায়তা: প্রধানমন্ত্রী বেঙ্গালুরুতে হাসপাতালের দেওয়াল ধসে শিশুসহ নিহত ৭ বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও কার্যকরে গুরুত্বারোপ পররাষ্ট্র উপদেষ্টার নৌ-অবরোধ না তুললে ‘নজিরবিহীন’ পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের বোয়িং বিমান চুক্তি আজ, ১৪টি উড়োজাহাজ কিনছে সরকার

শাস্তির মুখে ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সাবেক স্বৈরাচার সরকারের মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে আদালতে নেওয়ার সময় ‘টেনশন না করতে বলা’ দুই পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছে ট্রাইব্যুনাল।

বুধবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্টার মাহমুদুল হাসানের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, ডিএমপি থেকে প্রেষণে ট্রাইব্যুনালে কর্মরত কনস্টেবল মো. জামাল হোসেন ও কনস্টেবল মো. সোলাইমান হোসেনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, ২৯ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি হাসানুল হক ইনুকে এজলাস থেকে হাজতখানায় আনা-নেওয়ার সময় দুই কনস্টেবল শৃঙ্খলাবহির্ভূত কথাবার্তা বলেন। ধারণকৃত ভিডিও ফুটেজে তাদের এ আচরণ দৃশ্যমান হয়, যা ট্রাইব্যুনালের নিরাপত্তা ও বিচারিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইনুকে এজলাসকক্ষ থেকে হাজতখানায় নেওয়ার সময় দুই পুলিশ সদস্য তাকে বলেন, ‘টেনশন কইরেন না, আমরা আছি তো স্যার।’

এ ঘটনায় ট্রাইব্যুনাল তাদের তাৎক্ষণিকভাবে নিরাপত্তা দায়িত্ব থেকে প্রত্যাহার করে এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয়।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বর্তমানে বিচার চলছে হাসানুল হক ইনুর বিরুদ্ধে। বুধবার তার পক্ষে ষষ্ঠ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৪ মে দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বাংলা৭১নিউজ/একেএএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com