রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে আইএলও প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এনসিপিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে কার কি সাবেক পরিচয়, আমাদের কাছে মুখ্য নয় দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব সরকার নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশি-বিদেশি বিনিয়োগ গুরুত্ব দিচ্ছে সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি : তথ্যমন্ত্রী তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচি : মতপার্থক্য নিরসনে আলোচনা অব্যাহত গুলি, আগুন, জিম্মি: বন্দুকধারীর হামলায় কিয়েভে নিহত ৬

১২ কেজির গ্যাস সিলিন্ডারে ১৮ দিনে বাড়লো ৬০০ টাকা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

চলতি মাসের জন্য গত ২ এপ্রিল ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তখন ১২ কেজির এলপিজি সিলিন্ডার এক হাজার ৩৪১ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৭২৮ টাকা করা হয়েছিল। ভোক্তাপর্যায়ে ১২ কেজির সিলিন্ডারে দাম বেড়েছিল ৩৮৭ টাকা।

আজ রোববার (১৯ এপ্রিল) এক মাসেই দ্বিতীয়বারের মতো বাড়ানো হলো এলপি গ্যাসের দাম। এবার ভোক্তাপর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারে ২১২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হলো ১ হাজার ৯৪০ টাকা। যা আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

এ হিসাবে ২ এপ্রিলের পর মাত্র ১৮ দিনের ব্যবধানে দুই দফায় ১২ কেজির এলপিজি সিলিন্ডারে দাম বাড়লো ৫৯৯ টাকা। অর্থাৎ, গত ১ এপ্রিল ১২ কেজির যে সিলিন্ডারটি ১৩৪১ টাকায় কেনা যেতো আজ থেকে সেটি কিনতে ভোক্তাকে গুনতে হবে ১ হাজার ৯৪০ টাকা।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে নতুন করে এলপিজির দাম নির্ধারণের ঘোষণা দেয়।

এলপিজির ১২ কেজি সিলিন্ডার গৃহস্থালির কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। গত ২ এপ্রিলের ঘোষণায় ভোক্তাপর্যায়ে প্রতি কেজি এলপি গ্যাসের দাম বেড়েছিল ৩২ টাকা ৩০ পয়সা। এবার প্রতি কেজিতে বাড়লো ১৭ টাকা ৬২ পয়সা।

১২ কেজির সিলিন্ডারের দাম ১৯৪০ টাকা ধরে এখন থেকে প্রতি কেজি এলপিজির দাম পড়বে ১৬১ টাকা ৬৬ পয়সা। এ হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।

ভোক্তাপর্যায়ে বিইআরসি ঘোষিত নতুন দামে বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৮৮৯ টাকা, সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম দুই হাজার ২১ টাকা, ১৫ কেজির সিলিন্ডারের দাম দুই হাজার ৪২৫ টাকা, ১৬ কেজির সিলিন্ডারের দাম দুই হাজার ৫৮৭ টাকা, ১৮ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৯১০ টাকা, ২০ কেজি সিলিন্ডারের দাম তিন হাজার ২৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

পাশাপাশি ২২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৫৫৭ টাকা, ২৫ কেজি সিলিন্ডারের দাম চার হাজার ৪২ টাকা, ৩০ কেজি সিলিন্ডারের দাম চার হাজার ৮৫০ টাকা, ৩৩ কেজির সিলিন্ডারের দাম পাঁচ হাজার ৩৩৫ টাকা, ৩৫ কেজি সিলিন্ডারের দাম পাঁচ হাজার ৬৫৮ টাকা ও ৪৫ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে সাত হাজার ২৭৫ টাকা।

নতুন নির্ধারিত দামে সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। অন্যদিকে, গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) দাম প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা থেকে বাড়িয়ে ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, এলপিজি আমদানির জাহাজভাড়া ও ট্রেড্রারের প্রিমিয়াম চার্জ এবং ডিজেলের মূল্য পরিবর্তন বিবেচনায় ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয় করা হয়েছে।

বিইআরসি প্রতি মাসেই এলপিজির দাম সমন্বয় করে। যদিও ভোক্তাদের অভিযোগ রয়েছে, বাজারে সরকার নির্ধারিত দামে তারা এলপিজি সিলিন্ডার কিনতে পারেন না। বিক্রেতারা অতিরিক্ত দাম আদায় করে।

২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com