শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

অগ্রাধিকার ভিত্তিতে তেল চেয়ে আইজিপিকে চিঠি

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

দেশে জ্বালানি সংকটে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের কারণে দায়িত্ব পালনে গিয়ে ভোগান্তিতে পড়ছেন পুলিশ সদস্যরা। এমন পরিস্থিতিতে তাদের জন্য পাম্পে পৃথক লাইনের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। 

শুক্রবার (১৭ এপ্রিল) পুলিশ মহাপরিদর্শক বরাবর দেওয়া এক চিঠিতে এই দাবি জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু।

চিঠিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন, মামলা তদন্ত, আসামি গ্রেপ্তার, জরুরি অভিযান, ভিআইপি নিরাপত্তা, ট্র্যাফিক ব্যবস্থাপনা ও দুর্যোগকালীন সহায়তাসহ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন জনসেবা দিয়ে আসছে পুলিশ। এসব দায়িত্ব পালনের ক্ষেত্রে অধিকাংশ সদস্যকে ব্যক্তিগত মোটরসাইকেল, সরকারি যানবাহন কিংবা রিকুইজিশনকৃত যানবাহন ব্যবহার করে তাৎক্ষণিকভাবে বিভিন্ন স্থানে যেতে হয়।

চিঠিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন জ্বালানি পাম্পে তেল সংগ্রহ করতে গিয়ে পুলিশ সদস্যদেরও সাধারণ মানুষের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এতে মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং জরুরি সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। পুলিশ অ্যাসোসিয়েশন বলছে, আসামি ধরতে অভিযান, জরুরি টহল, মামলার তদন্তে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো এবং দুর্ঘটনা বা দুর্যোগে তাৎক্ষণিক সাড়া দেওয়ার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বিলম্ব ঘটছে। অনেক ক্ষেত্রে লাইনের বাইরে গিয়ে তেল নিতে গেলে অপ্রীতিকর পরিস্থিতি, জন অসন্তোষ এমনকি ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখেও পড়তে হচ্ছে পুলিশ সদস্যদের।

এ অবস্থায়, জনস্বার্থে দেশের সব সরকারি ও বেসরকারি জ্বালানি পাম্পে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সরকারি পরিচয়পত্র প্রদর্শনের ভিত্তিতে পৃথক লাইন বা বিশেষ বুথের মাধ্যমে অগ্রাধিকার দিয়ে তেল সরবরাহের ব্যবস্থা নেওয়ার জন্য আইজিপির হস্তক্ষেপ কামনা করা হয়েছে। চিঠিতে বলা হয়, এমন ব্যবস্থা গ্রহণ করা হলে পুলিশ সদস্যরা উপকৃত হবেন এবং জনগণও আরও দ্রুত ও কার্যকর পুলিশি সেবা পাবে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com