বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন

ভোট বর্জন নয়, ফলাফল নিয়েই ঘরে ফিরবো: জামায়াত প্রার্থী

বগুড়া প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোট বর্জনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল।

তিনি জানান, গণতন্ত্রের স্বার্থে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন এবং ফলাফল নিয়েই ঘরে ফিরবেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে শহরে জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে আবিদুর রহমান সোহেল অভিযোগ করেন, ভোটগ্রহণ শুরুর পর থেকেই নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তারা পক্ষপাতমূলক আচরণ করছেন। রিটার্নিং, প্রিসাইডিং ও পোলিং অফিসাররা সরাসরি প্রতিপক্ষ প্রার্থীর হয়ে কাজ করছেন

তিনি বলেন, মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগেভাগেই ফলাফলের শিটে সই নেওয়া হয়েছে। নামুজা এলাকায় আমার এক কর্মীকে মারধর এবং পাঁচবাড়িয়া এলাকায় নির্বাচনি কার্যালয় ভাঙচুর করা হয়েছে। বিভিন্ন কেন্দ্র থেকে সমর্থকদের বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে।

সোহেল আরও জানান, নূরানী মোড় এলাকায় তার এক কর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে। ওই কর্মী বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এখন পর্যন্ত ২০টির বেশি লিখিত অভিযোগ দিলেও রিটার্নিং কর্মকর্তা কোনো ব্যবস্থা নেননি। তিনি মূলত প্রতিপক্ষ দলের স্বার্থ রক্ষায় ব্যস্ত।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com