শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

হোয়াটসঅ্যাপে বিনিয়োগ ফাঁদ : ৮৬ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

হোয়াটসঅ্যাপে ভুয়া বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রায় ৮৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মাসুম রানা (৩৮) ও মো. শামীম আক্তার (৩৬)। তাদের বাড়ি দিনাজপুর জেলার বিরামপুর এলাকায়। 

জসীম উদ্দিন খান জানান, স্বল্প সময়ে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে “ড্রিমপায়ারিং এমসিএস লি.” নামের একটি ভুয়া কোম্পানির মাধ্যমে অভিনব কৌশলে এই প্রতারণা করা হয়।

তদন্তে জানা যায়, নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ-তে কর্মরত এক ব্যক্তি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রতারকদের সঙ্গে পরিচিত হন। পরে তাকে একটি ভুয়া চুক্তিপত্র পাঠিয়ে বিনিয়োগে উদ্বুদ্ধ করা হয়। এক পর্যায়ে ভুক্তভোগী নিজের সঞ্চয়, অফিসের অর্থ এবং স্ত্রীর স্বর্ণ বন্ধক রেখে নগদ, বিকাশ ও ব্যাংকের মাধ্যমে পর্যায়ক্রমে মোট ৮৫ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা প্রতারকদের দেন।

পরবর্তীতে প্রতারকদের সঙ্গে যোগাযোগ করলে তারা বিভিন্ন ঠিকানায় যেতে বলে তাকে বিভ্রান্ত করে। একপর্যায়ে ঢাকার সেগুনবাগিচায় গিয়ে ভুক্তভোগী নিশ্চিত হন যে, ওই কোম্পানির কোনো অস্তিত্ব নেই।

এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হলে সিআইডি তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ৮ ও ৯ এপ্রিল পৃথক সময়ে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com