
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে কানুপুর হালির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিমন হোসেন আক্কেলপুর উপজেলার দক্ষিণ কানুপুর গ্রামের বাবু হোসেনের ছেলে। তিনি জামালগঞ্জ বাজারের একটি মুরগির খামারে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কাজ শেষে কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে বাড়ি ফিরছিলেন লিমন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি রেললাইনের পাশে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, কানে হেডফোন দিয়ে হাঁটার কারণে ট্রেনের শব্দ শুনতে না পাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএএইচ