সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

দেশে ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ তৈরি করা হবে : তথ্যমন্ত্রী

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

নবনিযুক্ত তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে একটি ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ তৈরি করা হবে। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কার্যদিবসে দায়িত্ব গ্রহণ করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এসময় তথ্যমন্ত্রী বলেন, অপতথ্য ও গুজব বর্তমানে সারা বিশ্বজুড়ে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। এই বাস্তবতায় আমাদের ভেবেচিন্তে পথ চলতে হচ্ছে। 

তথ্যমন্ত্রী বলেন, প্রযুক্তির ক্ষমতার কারণে একদিকে যেমন মানুষের ক্ষমতায়ন হয়েছে, অন্যদিকে কিছু সমস্যাও সৃষ্টি হয়েছে। এসব সমস্যার সমাধানও প্রযুক্তির মাধ্যমেই করতে হবে।

তিনি আরও বলেন, গণমাধ্যমের মূল লক্ষ্য হচ্ছে মানুষের কাছে তথ্য নির্ভেজালভাবে উপস্থাপন করা। প্রচলিত বিধিমালার আলোকে সেই লক্ষ্য বাস্তবায়নে কার্যকর সমাধান বের করা হবে। ভয়হীন সাংবাদিকতা থাকবে কিনা- এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমি একজন নির্যাতিত রাজনীতিবিদ। নির্যাতনের পথ পেরিয়েই আপনাদের সামনে মন্ত্রী হিসেবে কথা বলছি। 

তিনি বলেন, আমি জানি ভয়ের মধ্যে যারা বাস করে তা কি পরিমাণ মানসিক যন্ত্রণার মধ্যে থাকতে হয়। বিশেষ করে গণমাধ্যমের মতো সম্মানিত পেশায় যারা কাজ করেন তাদেরকে যদি সারাক্ষণ নজরদারির মধ্যে রাখতে হয়। এ সমস্যাটা আমরা জানি।

জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনার মধ্যেও গণমাধ্যম সংক্রান্ত সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। ইনশাআল্লাহ, সেই পরিকল্পনার আলোকে দেশে একটি ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ গড়ে তোলা হবে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com