শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চ্যাম্পিয়নদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর টাইব্রেকারে ভারতকে কাঁদিয়ে সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে: অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩ আর একটু সময় পেলে সহজেই হরমুজ প্রণালি খুলে দিতে পারব: ট্রাম্প দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, প্রাণ গেল ৩ জনের ট্রাম্পের নতুন হুমকিতেও অনড় ইরান, বিদ্যুৎকেন্দ্রে হামলাকে ‌‌‘যুদ্ধাপরাধ’ আখ্যা শত্রুপক্ষের হামলায় ভেঙে গেল ইরানের সবচেয়ে উঁচু সেতু, শতাধিক হতাহত এবার বিকল্প পথে সৌদি থেকে আসছে ১ লাখ টন তেল

অচল বন্দর : উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসলেন শ্রমিকরা

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় চুক্তি বাতিলের দাবিতে টানা কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে দেশের প্রধান সমুদ্রবন্দর। আমদানি–রপ্তানি কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ার মধ্যে অচলাবস্থা নিরসনে নৌ-পরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন আন্দোলনরত শ্রমিক নেতারা। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিকেলে বন্দর ভবনে উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের সঙ্গে আলোচনায় অংশ নেন তারা।

বন্দর রক্ষা সংগ্রাম ঐক্য পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির বৃহস্পতিবার দুপুরে বন্দর ভবনের সামনে বলেন, আলোচনা ছাড়া কোনো সমস্যার সমাধান হয় না। তাই পতেঙ্গার বোট ক্লাবে নয়, বন্দর ভবনেই বৈঠক করতে হবে—এ দাবিতে অনড় ছিলেন শ্রমিকরা। পরে বিকেল ৩টায় বন্দর ভবনে বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তিনি বলেন, শ্রমিকদের এক দফা দাবি এনসিটি লিজ চুক্তি বাতিল করতে হবে। দাবি মেনে নেওয়া হলে কর্মবিরতি প্রত্যাহার করা হবে। উপদেষ্টার সঙ্গে সকালে প্রাথমিক আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, চুক্তির অর্থনৈতিক দিকগুলো সম্পর্কে উপদেষ্টা পুরোপুরি অবগত নন বলে তাদের মনে হয়েছে। বিষয়গুলো তুলে ধরে এটিকে দেশবিরোধী চুক্তি হিসেবে ব্যাখ্যা করা হবে বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম বন্দর ভবনে নৌ-পরিবহন উপদেষ্টা বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। তবে ওই বৈঠকে আন্দোলনকারী শ্রমিক নেতাদের রাখা হয়নি।

পরে উপদেষ্টা পতেঙ্গার বোট ক্লাবে শ্রমিকদের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা। তাদের বক্তব্য ছিল— বন্দর–সংক্রান্ত বিষয়ে বৈঠক বন্দর ভবনেই হতে হবে। শেষ পর্যন্ত বিকেলে বন্দর ভবনে বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে উপস্থিত বার্থ অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী বলেন, বন্দরের অপারেশন চালু রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শ্রমিকরা আন্দোলন স্থগিত না করলে কার্যক্রম স্বাভাবিক করা কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে নৌ-পরিবহন উপদেষ্টা বন্দরে আসবেন— এমন খবরে বৃহস্পতিবার সকাল থেকেই আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শত শত শ্রমিক বন্দর ভবনের অদূরে ৪ নম্বর জেটি গেট থেকে কাস্টমস মোড়সহ আশপাশের এলাকায় অবস্থান নেন। পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও বন্দরের নিরাপত্তাকর্মীরা বাড়তি সতর্ক অবস্থান নেয়।

বৈঠকে যোগ দিতে বন্দর ভবনে প্রবেশের সময় শ্রমিক-কর্মচারীদের বাধার মুখে পড়ে প্রায় ১৫ মিনিট অবরুদ্ধ থাকেন নৌ-পরিবহন উপদেষ্টা। পরে পুলিশ নিরাপত্তা বেষ্টনী তৈরি করে তার গাড়িবহর ভবনের ভেতরে প্রবেশ করায়। এ সময় শতাধিক শ্রমিক স্লোগান দিতে দিতে ভেতরে ঢুকে পড়েন।

উপদেষ্টা গাড়ি থেকে নেমে ভবনে প্রবেশের সময়ও শ্রমিকরা স্লোগান দিতে থাকেন। পুলিশ ও বন্দরের নিরাপত্তারক্ষীদের পাহারায় তাকে দ্রুত ভেতরে নেওয়া হয়। কাস্টমস মোড় এলাকায় আন্দোলনকারীরা তার গাড়িবহর আটকে দিয়ে ‘ডিপি ওয়ার্ল্ডের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘গো ব্যাক অ্যাডভাইজার’, ‘মা–মাটি–মোহনা বিদেশিদের দেব না’—এমন নানা স্লোগান দেন।

চট্টগ্রাম বন্দরের এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে গত ৩১ জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের লাগাতার কর্মসূচির ফলে আমদানি–রপ্তানি বাণিজ্যসহ বন্দরের প্রায় সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা বলছেন, চুক্তি বাতিলের সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত কর্মসূচি চলবে। 

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com