
ময়মনসিংহের ভালুকা বাসস্ট্যান্ড ও হবিরবাড়ি এলাকায় নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এবং স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলমের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে শুরু হওয়া সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। এই আসনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলম।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা বাজারে স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের পক্ষে লিফলেট বিতরণকালে ফখর উদ্দিন বাচ্চুর সমর্থকরা হামলা চালায়। এতে অপু নামে এক কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোর্শেদ আলমকেও শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়।
সংঘর্ষ চলাকালীন ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন ইসলামী ব্যাংকের সামনে অবস্থিত বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আদি খান শাকিলের অফিসেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের ঘটনায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ।
বাংলা৭১নিউজ/এনএস