শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির নেতৃত্বাধীন বোর্ড বাংলাদেশ দলের বিশ্বকাপ ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে পিসিবি ইতিমধ্যেই আইসিসি চেয়ারম্যান জয় শাহের সঙ্গে যোগাযোগ করেছে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ দল ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলতে অনীহা প্রকাশ করায় টুর্নামেন্টের সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে পিসিবি বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজন করতে আগ্রহী। তবে এখনো পিসিবি বা আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

পিসিবির একটি সূত্র জানায়, শ্রীলঙ্কায় ভেন্যু না পাওয়া গেলে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজনের বিষয়ে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছে। পাকিস্তানের সব ভেন্যুই বিশ্বকাপের মানদণ্ড পূর্ণ করতে সক্ষম এবং পুরোপুরি প্রস্তুত।

সূত্র আরও জানিয়েছেন, পাকিস্তান সাম্প্রতিক সময়ে একাধিক বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট সাফল্যের সঙ্গে আয়োজন করেছে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি এবং আইসিসি উইমেনস কোয়ালিফায়ারের মতো টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করার অভিজ্ঞতা রয়েছে পাকিস্তানের, বলে উল্লেখ করা হয়েছে।

এ জটিলতার সূত্রপাত মূলত ভারত ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক ও ক্রিকেটীয় উত্তেজনা থেকে। এর আগে আইপিএল ২০২৬ থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছাড়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এএনআইকে জানিয়েছেন, সাম্প্রতিক পরিস্থিতির কারণে কেকেআরকে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেওয়া হবে।

বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্রুত কঠোর অবস্থান নেয়। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর বিসিবি ঘোষণা দেয়, বাংলাদেশ দল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। পাশাপাশি আইসিসিকে অনুরোধ করা হয় ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়ার।

বর্তমানে আইসিসি, বিসিসিআই ও বিসিবির মধ্যে একাধিক বৈঠক হলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানানো হয়নি। ফলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু নিয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে। 

সূত্র: জিও নিউজ

বাংলা৭১নিউজ/একেএ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com