আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য করার ঘটনায় আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে আজ ট্রাইব্যুনালে হাজির হচ্ছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
সোমবার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ ব্যাখ্যা দেওয়ার কথা রয়েছে।
গত ৪ নভেম্বর আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে ফুয়াদকে সময় দেন ট্রাইব্যুনাল। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে আরও সময় প্রয়োজন বলে সেদিন জানিয়েছিলেন তার আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে আজকের দিন ধার্য করা হয়।
এর আগে, ১ নভেম্বর স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগ এনে ব্যারিস্টার ফুয়াদকে তলব করেন ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে তাকে সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার জন্য ৪ নভেম্বর দিন ধার্য করা হয়।
এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দিয়েছিলেন ব্যারিস্টার ফুয়াদ। একপর্যায়ে ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় বা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে বলে একটি মন্তব্য করেন তিনি। তার এ বক্তব্য ট্রাইব্যুনালের নজরে আসার পর স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার নোটিশ জারি করা হয় বলে জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
বাংলা৭১নিউজ/আরএইচ


























