জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে আরিফ হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।
এদিন দুপুরে ইকবাল সোবহান চৌধুরীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আমির হোসেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা তার বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বুধবার বিকেলে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় রাজীব ঘোষ নামে আরেক সাংবাদিককেও আটক করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে বুধবার মধ্যরাতে রাজীব ঘোষকে ছেড়ে দেওয়া হয়। তবে ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে জুলাই আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজার রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে গোলাগুলি হয়। এ সময় চোখে গুলিবিদ্ধ হন লর্ড হার্ডিঞ্জ ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ আরিফ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আরিফের বাবা ইউসুফ ২০২৪ সালের ২৫ আগস্ট শেখ হাসিনাসহ ২৩৩ জনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলায় ৫৩ নম্বর আসামি হিসেবে ইকবাল সোবহান চৌধুরীর নাম রয়েছে।
ডিবিসি নিউজসংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামী লীগ সরকার পতনের আগে ইকবাল সোবহান চৌধুরী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ছিলেন। পরে তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরও তিনি মাঝেমধ্যে কার্যালয়ে যাতায়াত করতেন। বুধবার দুপুরে তিনি অফিসে আসেন। বিকেল ৩টার দিকে কার্যালয় থেকে বের হওয়ার সময় ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করেন। এ সময় রাজীব ঘোষকেও আটক করে নিয়ে যায় পুলিশ।
বাংলা৭১নিউজ/আরএইচ





















