রংপুর ও রাজশাহী সফরের পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন সম্পন্ন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সামরিক বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে স্বরাষ্ট্র, বাণিজ্যমন্ত্রীসহ বেশ কয়েকজন তাঁকে অভ্যর্থনা জানান।
প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ স্থানীয় সংসদ সদস্য (এমপি), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান ও বিভিন্ন সরকারি সংস্থার প্রধানেরা।
বিমান থেকে নামার পর সারিবদ্ধভাবে দাঁড়ানো সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এই সময় নজর কাড়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর উপস্থিতি।
একপর্যায়ে শাহজাহান চৌধুরীর সঙ্গে করমর্দন করার সময় তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনাকে আমাদের পক্ষ থেকে স্বাগত’।
করমর্দনের একপর্যায়ে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলমের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘কী খবর মাসুদ, ভালো?’ এ সময় মাসুদ আলমও ‘স্যার, স্যার’ শব্দে সাড়া দেন।
পরে বিমানবন্দর থেকে সরাসরি জে এম সেন হল পূজামণ্ডপে যান প্রধানমন্ত্রী।
এসপি মাসুদ আলোচনায় আসেন সাবেক অন্তর্বর্তী সরকারের সময়। তখন তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেসময় কথায় কথায় রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় আন্দোলন হতো। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তার তাৎক্ষণিক পদক্ষেপ কিংবা সশরীরে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই কর্মকর্তা ২০২৬ সালের মে মাসে চট্টগ্রাম জেলার এসপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বাংলা৭১নিউজ/জেএস























