বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাইদা কামাল মারা গেছেন। রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
তার বয়স হয়েছিল ৭৪ বছর।
সাইদা কামাল কবি সুফিয়া কামালের মেয়ে। তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বেসরকারি প্রতিষ্ঠান আমরাই পারি-এর চেয়ারপারসন সুলতানা কামালের ছোট বোন। আমরাই পারি-এর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর খবর জানানো হয়েছে।
দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন সাইদা কামাল। সম্প্রতি তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
সাইদা কামালের একমাত্র মেয়ে বিদেশে রয়েছেন।
তিনি দেশে ফেরার পর আগামী মঙ্গলবার তাকে দাফন করার কথা রয়েছে। এর আগে ধানমণ্ডির তাকওয়া মসজিদে তার জানাজা হবে। পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
সৃজনশীল শিল্পকর্মের মধ্য দিয়ে দেশের চারুশিল্পে অবদান রেখেছেন সাইদা কামাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পড়াশোনা শেষে তিনি ভারতের শান্তিনিকেতনের কলাভবনে নকশা বিষয়ে প্রশিক্ষণ নেন।
দেশ-বিদেশে তার বহু একক ও যৌথ চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বড় বোন সুলতানা কামালের সঙ্গে রণাঙ্গনে বাংলাদেশ ফিল্ড হাসপাতালে কাজ করেন সাইদা কামাল। মুক্তিযুদ্ধে তার এই ভূমিকা দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
বাংলা৭১নিউজ/আরএইচ























