বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে ৯৯ বার পিছিয়েছে আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়।
আগামী ২৫ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।
সোমবার (১৯ অক্টোবর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা দিতে পারেনি। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে সংরক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে নেয়। বাংলাদেশের আর্থিক খাতের অন্যতম আলোচিত এ ঘটনায় দেশের ভেতরে থাকা কোনো চক্রের সহায়তায় অর্থ পাচার হয়ে থাকতে পারে বলে ধারণা করা হয়।
এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করা হয়।
পরদিন ১৬ মার্চ আদালত মামলাটির তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করেন। এরপর থেকে সংস্থাটি মামলাটির তদন্ত করছে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। বারবার তারিখ পেছানোয় মামলাটির তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন রয়ে গেছে।
বাংলা৭১নিউজ/আরএইচ























