পঞ্চগড়ে নিখোঁজ রিকশাচালক আল আমিন (২১) হত্যা ও লাশ গুমের অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নাঈমুজ্জামান ভুঁইয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত পুলিশ সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা নাঈমুজ্জামান ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৬ অক্টোবর ভোরে পঞ্চগড় সদর উপজেলার আমতলা কাজীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে নাঈমুজ্জামান ভুঁইয়াকে গ্রেপ্তার করা হয়।
পরে আদালতের মাধ্যমে তাকে পঞ্চগড় কারাগারে পাঠায় পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট পঞ্চগড় শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার পর নিখোঁজ হন রিকশাচালক আল আমিন। ওই বছরের ১০ নভেম্বর তার বাবা মনু মিয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়াসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো ১৫০ জনকে আসামি করে মামলা করেন।
নাঈমুজ্জামান ভুঁইয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি।
তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ






















