দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার ২’ ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে দারুণ সাড়া পাচ্ছে সিনেমাটি।
ভারতের পাশাপাশি বিদেশের বাজারেও এগিয়ে চলছে টিকিট বিক্রি। সব মিলিয়ে বিশ্বব্যাপী অগ্রিম বুকিং থেকে সিনেমাটি ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছুঁতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সুপারহিট ‘জেলার’-এর সিক্যুয়ালটি আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। এর কয়েক দিন আগে থেকেই শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।
বক্স অফিসের পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনের জন্য ইতোমধ্যে বিপুলসংখ্যক টিকিট বিক্রি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, উদ্বোধনী দিনের জন্য ভারতে ‘জেলার ২’-এর ১৪ লাখ ৪৭ হাজার টিকিট অগ্রিম বিক্রি হয়েছে। এতে দেশটির বক্স অফিসে আয় হয়েছে ৩০ কোটি ৯০ লাখ রুপি। অন্যদিকে, চার দিনের অগ্রিম বুকিংয়ে সিনেমাটির টিকিট বিক্রির পরিমাণ ৪০ কোটি রুপির কাছাকাছি পৌঁছেছে।
সর্বশেষ হিসাবে, বিক্রি হয়েছে ৩৮ কোটি ৯ লাখ রুপির টিকিট। এর মধ্যে ৩৩ কোটি ১০ লাখ রুপি এসেছে অবরুদ্ধ আসন বাদে অন্যান্য আসনের টিকিট বিক্রি থেকে।
ভারতের বাইরেও সিনেমাটি নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিদেশের বাজারে উদ্বোধনী দিনের অগ্রিম টিকিট বিক্রি ২৫ কোটি রুপি ছাড়িয়েছে। ফলে সব বাজার মিলিয়ে অগ্রিম বুকিংয়ের আয় ১০০ কোটি রুপিতে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে।
সিনেমাটির অগ্রিম বুকিংয়ের পাশাপাশি আলোচনায় রয়েছে রজনীকান্তের পারিশ্রমিকও। ফিল্মিবিট তামিলের প্রতিবেদন অনুযায়ী, ‘জেলার ২’-এ অভিনয়ের জন্য ১১০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেতা। এর বাইরে সিনেমার মুনাফার একটি বড় অংশও পেতে পারেন তিনি বলে জানা গেছে। সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পেলে তার মোট আয় ১৮০ কোটি রুপি পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নেলসন দিলীপকুমার পরিচালিত সিনেমাটি নির্মিত হয়েছে সান পিকচার্সের ব্যানারে। রজনীকান্তের পাশাপাশি এতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, রম্যা কৃষ্ণা ও যোগী বাবু। সিনেমাটিতে ছোট-বড় মিলিয়ে প্রায় ২৬ জন অভিনয়শিল্পী রয়েছেন। এ ছাড়া অতিথি চরিত্রেও দেখা যাবে পাঁচজন তারকাকে।
আগের সিনেমার সাফল্যের পর ‘জেলার ২’ নিয়ে দর্শকদের প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেশি। মুক্তির আগে অগ্রিম টিকিট বিক্রির এই গতি শেষ পর্যন্ত উদ্বোধনী দিনের আয়েও প্রতিফলিত হয় কি না, এখন সেটিই দেখার বিষয়।
বাংলা৭১নিউজ/আরএইচ



























