টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল কম্পানি লিমিটেডের কারখানায় লাগা আগুন দুপুর সোয়া ১টার দিকেও নিয়ন্ত্রণে আসেনি। বুধবার সকাল সোয়া ১০টার দিকে লাগা এ আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ ঘটনায় এখন পর্যন্ত চারজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ১২টা ৪৫ মিনিটের দিকে সেনাবাহিনীর একটি দল তাদের নিজস্ব পানির টাংক নিয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এ ছাড়া স্পেশাল রেসকিউ টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সোয়া ১০টার দিকে কারখানার ইউনিট-২-এ আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন অংশে। আগুনের শিখা ও ধোঁয়া বাড়তে থাকে। কারখানার ভেতরে থাকা ওষুধ, উৎপাদনসংশ্লিষ্ট সরঞ্জাম ও বিভিন্ন মালামাল আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তবে কারখানার কোন তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার শাহিন আলম বলেন, সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ও গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
কারখানা ভবনটি ইস্পাত ও অ্যালুমিনিয়ামের তৈরি জানিয়ে তিনি বলেন, ভবনটিতে কাচও রয়েছে। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে আগুন নিয়ন্ত্রণে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
তবে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বাংলা৭১নিউজ/আরএইচ























