দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও শিল্প উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, ফ্যাসিবাদী আমলে দেশজুড়ে লুটপাট, চাঁদাবাজি এবং মানুষের জায়গা-জমি ও সম্পদ দখলের যে অরাজক রাজত্ব কায়েম হয়েছিল, বিএনপি সেই ধারায় বিশ্বাস করে না। বিএনপির রাজনীতি হলো শান্তি, স্থিতিশীলতা এবং আইনের শাসনের রাজনীতি।
আমাদের আচরণে যেন ফ্যাসিবাদের কোনো ছাপ না থাকে।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এস এম হান্নান শাহের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা নানাভাবে দেশের স্থিতিশীলতা বিনষ্ট এবং সামাজিক সম্প্রীতি লুণ্ঠনের চক্রান্ত করছে। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা ‘ঘুমহীন প্রহরীর’ মতো সজাগ ও প্রস্তুত রয়েছে।
রিজভী বলেন, দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে বিপন্ন করতে অতীতে যেমন চক্রান্ত হয়েছিল, আজও তা সক্রিয় রয়েছে। তারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।
দুর্গাপূজার প্রসঙ্গ টেনে তিনি বলেন, পরাজিত শক্তি ও তাদের দোসররা পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করবে। তবে আমাদের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রতিটি পূজা মণ্ডপে নজরদারি রাখবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করবে।
দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, ১৭ বছরের দীর্ঘ সংগ্রাম ও বহু ত্যাগের পর অর্জিত এই রাজনৈতিক পরিস্থিতিতে পদ-পদবির লোভ ত্যাগ করতে হবে। রাতারাতি বিত্তশালী হওয়া কিংবা ঠিকাদারির লোভে বিএনপির এতদিনের ত্যাগ ও আদর্শ বিকিয়ে দেওয়া যাবে না।
বাংলা৭১নিউজ/আরএইচ

























