বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকায় ফিরোজ তালুকদার ওরফে পলাশ হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে বরিশালের সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহকে ফের গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন। তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আজিম আহম্মেদ এ আবেদন করেন।
আসামি মঈনউদ্দিন আহাম্মেদ বিভিন্ন মামলায় বর্তমানে কারাগারে আছেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২৪ সালের ১৯ জুলাই আন্দোলন চলাকালে মিরপুর-১০ নম্বরের গোল চত্বর পার হওয়ার সময় গুলিবিদ্ধ হন ফিরোজ তালুকদার পলাশ।
পরে চিকিৎসাধীন অবস্থায় মিরপুরের আলোক হাসপাতালে মারা যান তিনি। ফিরোজ রংপুর কেমিক্যাল লিমিটেডের কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় পলাশের স্ত্রী ওই বছরের ২৫ আগস্ট একটি হত্যা মামলা করেন।
গ্রেপ্তার দেখানোর আবেদনে পুলিশ উল্লেখ করে, এ মামলার ঘটনার সঙ্গে আসামি জড়িত আছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
বাংলা৭১নিউজ/আরএইচ























