দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে উড়োজাহাজটি গতিপথ পরিবর্তন করে ভারতের হায়দরাবাদে নিরাপদে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
জানা গেছে, ইন্ডিগোর 6E6115 ফ্লাইটটি দিল্লি থেকে চেন্নাই যাচ্ছিল। সে সময় আকাশেই উড়োজাহাজটিতে আগুন লাগে। মাঝ আকাশে আগুন লাগার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি জরুরি অবতরণ করে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আগুনের শিখা দেখামাত্রই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং নিজেদের ব্যাগ দিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালান। পরে উড়োজাহাজের কেবিন ক্রুরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর উড়োজাহাজটি হায়দরাবাদে অবতরণ করলে সব যাত্রী ও ক্রু সদস্যকে নিরাপদে নামিয়ে আনা হয়। তারা সবাই সম্পূর্ণ সুরক্ষিত ও অক্ষত রয়েছেন বলে জানা গেছে।
সূত্র: এনডিটিভি
বাংলা৭১নিউজ/জেএস




























