ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক ‘দাদা : দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’র প্রথম পোস্টার প্রকাশের পর থেকেই শুরু হয়েছিল বিতর্ক। পোস্টারটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি এবং এতে যথেষ্ট যত্ন নেওয়া হয়নি—এমন অভিযোগ তুলেছিলেন নেটিজেনদের একাংশ।
এবার সেই সমালোচনা নিয়ে মুখ খুললেন ছবিতে সৌরভের চরিত্রে অভিনয় করা বলিউড অভিনেতা রাজকুমার রাও।
তার মতে, এই ঘটনা থেকে বড় শিক্ষা পেয়েছেন ছবির নির্মাতারা।
চলতি বছরের ৮ জুলাই সৌরভ গাঙ্গুলীর জন্মদিনে প্রকাশ করা হয় বায়োপিকটির প্রথম পোস্টার। তবে পোস্টারটি সামনে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন রাজকুমার।
এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘যারা পোস্টারটি তৈরি করেছিলেন, তারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং শিক্ষা নিয়েছেন। তারা বুঝেছেন যে কোনো কাজ নিয়ে তাড়াহুড়ো না করে সময় নিয়ে করা প্রয়োজন। এত তাড়াহুড়োর কিছু নেই।
আমার মনে হয়, পুরো টিমই এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছে। এর পাশাপাশি তারা এটাও বুঝতে পেরেছেন দাদার অনুরাগীর সংখ্যা অবিশ্বাস্য রকমের বেশি।’
বিতর্কিত পোস্টারটিতে সৌরভের ক্রিকেটজীবনের অন্যতম স্মরণীয় একটি মুহূর্ত তুলে ধরা হয়েছিল। ২০০২ সালে লর্ডসে ইংল্যান্ডকে হারানোর পর ভারতীয় দলের তৎকালীন অধিনায়কের জার্সি খুলে উচ্ছ্বাস প্রকাশের ঐতিহাসিক দৃশ্যটি পুনর্নির্মাণ করেন রাজকুমার। সেই মুহূর্তই জায়গা পেয়েছিল বায়োপিকের প্রথম পোস্টারে।
বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এই সিনেমায় সৌরভের ক্রিকেটজীবনের শুরুর দিন থেকে ভারতের অন্যতম প্রভাবশালী ক্রিকেটার ও সফল অধিনায়ক হয়ে ওঠার গল্প তুলে ধরা হবে। ছবিতে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করছেন তানিয়া মানিকতলা।
সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ১৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘দাদা : দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’। প্রথম পোস্টার ঘিরে বিতর্ক তৈরি হলেও সৌরভের বর্ণাঢ্য ক্রিকেটজীবন বড় পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।
বাংলা৭১নিউজ/আরএইচ





























