মুক্তির আগেই ছিল তুমুল আলোচনা। প্রেক্ষাগৃহে আসার পর সেই প্রত্যাশাকেই যেন সত্যি প্রমাণ করছে অজয় দেবগন ও শ্রিয়া সরন অভিনীত সাসপেন্স থ্রিলার ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। বক্স অফিসে একের পর এক নতুন মাইলফলক তৈরি করছে সিনেমাটি। মুক্তির মাত্র ছয় দিনেই বিশ্বব্যাপী ৩৬৬.৫০ কোটি রুপি আয় করেছে ছবিটি।
বক্স অফিস ট্র্যাকিং সাইট সাকনিল্কের তথ্য অনুযায়ী, ষষ্ঠ দিনে ভারতের প্রেক্ষাগৃহ থেকে ‘দৃশ্যম ৩’ আয় করেছে প্রায় ১৫.৫০ কোটি রুপি নেট। এর ফলে দেশটির বাজারে ছবিটির মোট নেট সংগ্রহ দাঁড়িয়েছে ২৩২.৫০ কোটি রুপি।
ষষ্ঠ দিনে আগের দিনের তুলনায় ছবিটির আয় কিছুটা কমেছে। মঙ্গলবারের তুলনায় বুধবার প্রায় ২০.৫ শতাংশ কম আয় করলেও কর্মদিবসে এমন সংগ্রহকে বেশ শক্তিশালী হিসেবেই দেখা হচ্ছে। সপ্তাহের মাঝেও দর্শকদের আগ্রহ ধরে রেখেছে ছবিটি।
শুধু ভারত নয়, আন্তর্জাতিক বাজারেও ভালো ব্যবসা করছে ‘দৃশ্যম ৩’। ষষ্ঠ দিনে বিদেশের বাজার থেকে ছবিটি প্রায় ৬ কোটি রুপি আয় করেছে। ছয় দিনে এর মোট ওভারসিজ সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ৮৭.৫০ কোটি রুপি।
সব মিলিয়ে ভারতীয় বাজার ও আন্তর্জাতিক আয় যোগ করে মাত্র ছয় দিনেই ছবিটির বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ৩৬৬.৫০ কোটি রুপি। ফলে ৪০০ কোটির মাইলফলক এখন খুব বেশি দূরে নয় বলেই মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা।
মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘দৃশ্যম ৩’। প্রথম দিনে ভারতে ৬২ কোটি রুপি নেট আয় করে ছবিটি। দ্বিতীয় দিনে ৫৩.৫০ কোটি এবং তৃতীয় দিনে ৬১ কোটি রুপি আয় করে। এরপর চতুর্থ দিনে ২১ কোটি, পঞ্চম দিনে ১৯.৫০ কোটি এবং ষষ্ঠ দিনে ১৫.৫০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।
‘সাকনিল্ক’র তথ্য অনুযায়ী, ষষ্ঠ দিনে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটির প্রায় ১৫ হাজার ৯৫৩টি শো চলেছে। দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়াই সিনেমাটির ব্যবসা ধরে রাখতে বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির আগের দুই কিস্তিও দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সেই ধারাবাহিকতায় তৃতীয় কিস্তি নিয়েও দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। মুক্তির পর বক্স অফিসের সাফল্য সেই প্রত্যাশাকেই ছাড়িয়ে যাচ্ছে।
অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’-এ আবারও বিজয় সালগাঁওকর চরিত্রে দেখা গেছে অজয় দেবগনকে। তার সঙ্গে রয়েছেন শ্রিয়া সরন, তব্বু, জয়দীপ আহলাওয়াত, রাজত কাপুর, প্রকাশ রাজ, ইশিতা দত্তসহ অনেকে।
গত ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি এরই মধ্যে ৩৬৬ কোটির ঘর পেরিয়ে গেছে। এখন বক্স অফিসে এর পরবর্তী লক্ষ্য ৪০০ কোটি। আগামী দিনগুলোতে দর্শকদের আগ্রহ ধরে রাখতে পারলে সেই মাইলফলকও দ্রুত ছুঁয়ে ফেলবে ‘দৃশ্যম ৩’-এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
বাংলা৭১নিউজ/জেএস




























