ময়মনসিংহের নান্দাইলে শফিকুল ইসলাম সবির হত্যা মামলায় তিন সহোদরকে মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৭ অক্টোবর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।
এজাহার সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি নান্দাইল থানার চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাটের পূর্বপাড়ে ছফির উদ্দিনের কাপড়ের দোকানে শফিকুল ইসলাম সবিরকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় দায়ের করা মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক সহোদর তিন ভাই—মোজাম্মেল হক স্বপন, মো. আপন মিয়া ও রিপন মিয়া ওরফে জিবুকে (পলাতক) মৃত্যুদণ্ডের আদেশ দেন।
এ ছাড়া মামলার অপর ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া ও আসাদুল (পলাতক)।
আদালত যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রতিজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ




























