কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সামাজিক যোগাযোগ মাধ্যম ও দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল বাস্তবতায় সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে লন্ডনে দিনব্যাপী ‘গণমাধ্যম প্রশিক্ষণ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্য ও উৎস যাচাই এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দিয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
এতে যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
রবিবার (৪ অক্টোবর) পূর্ব লন্ডনের আল-খায়ের হলে লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় চারটি পৃথক অধিবেশনে সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আকরামুল হোসাইন ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আলাউর রহমান খান শাহিন।
আয়োজনে প্রধান প্রশিক্ষক ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ কৃত্রিম বুদ্ধিমত্তা বিজ্ঞানী ও গ্রুপ লিডার ড. মো. মোস্তফা কামাল সরকার। তিনি এআই নিয়ে তার ১৪ বছরেরও বেশি গবেষণার অভিজ্ঞতা শেয়ার করেন।
অধিবেশনে ড. মো. মোস্তফা কামাল সরকার ভবিষ্যৎ সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা, এর ব্যবহার এবং সাংবাদিকদের সামনে আসতে থাকা নতুন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে এআই ব্যবহারে তথ্যের নির্ভরযোগ্যতা, নৈতিকতা ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরেন।
এর আগে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাংবাদিকতা বন্ধু নাকি শত্রু?’ বিষয়ে প্রশিক্ষণ দেন বিবিসির সাবেক সাংবাদিক মাসুদ হাসান খান। সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, তথ্য সংগ্রহ, সম্পাদনা, উপাত্তভিত্তিক সাংবাদিকতা ও দৃশ্যায়নের বিভিন্ন দিক তুলে ধরে তিনি তথ্য ও উৎস যাচাইয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
‘সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকতার শক্তি’ বিষয়ে প্রশিক্ষণ দেন রানার মিডিয়া লিমিটেডের প্রতিষ্ঠাতা আ স ম মাসুম। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো সংবাদ বা বিষয় ব্যাপকভাবে আলোচিত হলেই সেটিকে সত্য ধরে নেওয়ার সুযোগ নেই উল্লেখ করে তিনি সংবাদ প্রকাশের আগে তথ্য ও উৎস যাচাইয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
অন্যদিকে ‘সংবাদকক্ষ থেকে সংবাদপ্রবাহ : ডিজিটাল যুগে প্রতিবেদন’ শীর্ষক অধিবেশনে প্রশিক্ষণ দেন ডেইলি স্টারের যুক্তরাজ্যভিত্তিক বিশেষ সংবাদদাতা বুলবুল হাসান।
সংবাদ লেখায় শব্দচয়ন, প্রতিবেদনের বিন্যাস, তথ্য উপস্থাপন এবং ডিজিটাল যুগের পাঠকের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি প্রতিবেদন তৈরির বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মোস্তাক আহমেদ এবং লন্ডন একাডেমি অব অ্যাপ্লায়েড টেকনোলজির পরিচালক তরিকুর রশিদ চৌধুরী শওকতসহ প্রেস ক্লাবের নেতারা। বক্তারা লন্ডন বাংলা প্রেস ক্লাবের এ ধরনের পেশাগত উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন।
লন্ডন বাংলা প্রেস ক্লাব প্রতিবছর সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে থাকে। তবে এবারের আয়োজন ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, এবারই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা ও আগামীর সাংবাদিকতা বিষয়ে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সাংবাদিকদের দক্ষতা ও কর্মপদ্ধতিতে যে পরিবর্তন আসছে, সেই বাস্তবতার সঙ্গে গণমাধ্যমকর্মীদের পরিচিত করিয়ে দেওয়াই ছিল এবারের প্রশিক্ষণের অন্যতম প্রধান লক্ষ্য।
বাংলা৭১নিউজ/আরএইচ





























