সৌদি আরবে রেসিডেন্সি, সীমান্ত নিরাপত্তা এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে ৯ হাজার ৯৯২ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
খবর গালফ নিউজ
গত ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর যৌথ অভিযানের পর এই পদক্ষেপ নেওয়া হয়। সাত দিনের এই অভিযানে মোট ১১ হাজার ৮১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৭৯৩ জন আকামা বা আবাসন সংক্রান্ত আইন লঙ্ঘন, ৩ হাজার ৩০৭ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ এবং ২ হাজার ৭১৯ জন শ্রম আইন অমান্যের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
মন্ত্রণালয় জানায়, ভ্রমণ নথি সংগ্রহের জন্য ১৯ হাজার ৮৯৩ জনকে স্ব স্ব কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।
আরো ৪ হাজার ৯১ জন দেশত্যাগের প্রক্রিয়া সম্পন্ন করছেন।
এ ছাড়া আইন লঙ্ঘনের অভিযোগে বর্তমানে ৩২ হাজার ১৩৯ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যে ২৯ হাজার ৯৩৪ জন পুরুষ এবং ২ হাজার ২০৫ জন নারী।
এদিকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৩৮২ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
আটকদের মধ্যে ৬১ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ৩৮ শতাংশ ইয়েমেনের এবং অবশিষ্ট ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে দেশ থেকে অবৈধভাবে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আরো ৩২ জন ধরা পড়েছেন।
বাংলা৭১নিউজ/আরএইচ





























