গত মৌসুমে বার্সেলোনার আয় ১০০ কোটি ইউরো ছাড়িয়ে যাওয়ার কথা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে কাতালান জায়ান্টরা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পর ইউরোপের দ্বিতীয় ক্লাব হিসেবে এই ১ বিলিয়ন ইউরোর আর্থিক মাইলফলক স্পর্শ করল।
২০২৫-২৬ অর্থবছরের হিসাব অনুযায়ী, ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ ১০৬ কোটি ইউরো আয় করেছে বার্সেলোনা, যা আগের অর্থবছরের চেয়ে ৬.৬ কোটি (৬৬ মিলিয়ন) ইউরো বেশি। তবে আয় আশানুরূপ বাড়লেও দিনশেষে ক্লাবটিকে লোকসানের মুখেই পড়তে হয়েছে। স্প্যানিশ জায়ান্টরা জানিয়েছে, সব খরচ সামলে গত মৌসুমে তাদের মোট ১.৮ কোটি ইউরো নিট লোকসান হয়েছে।
‘ডেলয়েট ফুটবল মানি লিগের’ বার্ষিক প্রতিবেদনে এই হিসাব আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হলে, রিয়ালের পর দ্বিতীয় দল হিসেবে বিলিয়ন ইউরোর ক্লাবে নাম লেখাবে বার্সা। যা মূলত বিশ্ব ফুটবলে স্প্যানিশ এই দুই পরাশক্তির আর্থিক আধিপত্যকেই আবারও স্পষ্ট করে তুলল।
কনসাল্টিং ফার্ম ‘ডেলয়েটের’ দেওয়া তথ্যানুযায়ী, ২০২৩-২৪ মৌসুমে ১০৪ কোটি ইউরো আয় করে ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে বাৎসরিক ১ বিলিয়ন ইউরো আয়ের রেকর্ড গড়েছিল রিয়াল মাদ্রিদ।
২০২৪-২৫ মৌসুমে নিজেদের সেই রেকর্ডকেও ছাড়িয়ে যায় লস ব্লাঙ্কোসরা; সেবার তাদের রাজস্ব আয় দাঁড়ায় ১১৬ কোটি ইউরোতে। আয়ের তালিকায় বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) ও লিভারপুলকে পেছনে ফেলে শীর্ষস্থান ধরে রেখেছিল স্প্যানিশ জায়ান্টরা।
সাম্প্রতিক এই আয়ের তথ্য প্রসঙ্গে বার্সেলোনার দাবি, ‘এটি সাম্প্রতিক বছরগুলোতে নেওয়া অর্থনৈতিক সংকট থেকে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ারই ধারাবাহিক অগ্রগতি। যেখানে একদিকে যেমন আয় বেড়েছে ও আর্থিক স্থায়িত্ব এসেছে, অন্যদিকে মাঠের খেলায় সেরা পারফরম্যান্স ধরে রাখার দৃঢ় অঙ্গীকারও বজায় রাখা সম্ভব হয়েছে।’
আয়ের এই ঊর্ধ্বমুখী ধারা চলতি মৌসুমেও বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছে বার্সেলোনা। ফলে অবশেষে লোকসানের খাতা বন্ধ করে সামান্য হলেও নিট মুনাফার মুখ দেখতে পারে ক্লাবটি।
বার্সার পক্ষ থেকে বলা হয়েছে, ‘২০২৬-২৭ মৌসুমের অনুমোদিত বাজেটে ধারাবাহিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় নতুন আয়ের রেকর্ড ১১৯ কোটি ইউরোর পূর্বাভাস দেওয়া হয়েছে, যা আগের অর্থবছরের চেয়ে ১৩.৫ কোটি ইউরো বেশি।’
ক্লাব কর্তৃপক্ষের প্রত্যাশা, ২০২৬-২৭ অর্থবছর শেষে তাদের নিট লাভ হবে ১০ লাখ ইউরো—যা ২০২৫-২৬ অর্থবছরের সামগ্রিক ফলাফলের চেয়ে ১.৯ কোটি ইউরো উন্নতি নির্দেশ করে।
বাংলা৭১নিউজ/জেএস























