লম্বা ক্যারিয়ারে বহুমাত্রিক চরিত্রে ধরা দিয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার। অ্যাকশন থেকে কমেডি কোনোটাই বাদ রাখেননি। সফলতার পাশাপাশি ব্যর্থতাও ছিল সঙ্গী। পিছু ছাড়েনি বিতর্কও। আজ ৯ সেপ্টেম্বর অক্ষয়ের জন্মদিনে চলুন জেনে নেওয়া যাক বিভিন্ন সময় তাকে ভর দিয়ে মাথাচাড়া দেওয়া বিতর্ক সম্পর্কে।
লম্বা ক্যারিয়ারে বি-টাউনের একাধিক নারী তারকার সঙ্গে নাম জড়িয়েছে অক্ষয়ের। নব্বই দশকে তার সঙ্গে প্রেমের গুঞ্জন ওঠে রাবিনা ট্যান্ডনের। ‘মোহরা’ সিনেমায় কাজের সময় ঘনিষ্ঠ হন তারা। বিয়ের কথাও শোনা গিয়েছিল একটা সময়। পরে আর জল গড়ায়নি।
এরপর খিলাড়ির জীবনে আসেন শিল্পা শেঠি। সে সম্পর্ক নিয়েও হয়েছে বিস্তর চর্চা। ভক্তদেরও ছিল আগ্রহ। কিন্তু শেষ পর্যন্ত পরিণতি পায়নি শিল্পা-অক্ষয়ের সম্পর্ক। দুই দিকে বেঁকে যায় দুজনের পথ।
পরে টুইঙ্কল খান্নার সঙ্গে ঘর বাঁধেন অক্ষয়। এটিও ছিল প্রেমের বিয়ে। কিন্তু আঁচলে বেঁধেও অন্য নারী থেকে অক্ষয়কে ফেরাতে পারেননি স্ত্রী টুইঙ্কল। প্রিয়াঙ্কা চোপড়ার মায়ায় পড়েছিলেন অক্ষয়। সেসময় প্রিয়াঙ্কা-অক্ষয় জুটি বেশকিছু ব্যবসাসফল সিনেমা উপহার দেন। পরকীয়ার শুরুটাও হয়েছিল তখন। কাজের সূত্রে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ছিল।
মুহূর্তেই চাউর হয়েছিল সে গোপন প্রেমের কথা। কানে যেতেই নড়েচড়ে বসেন রাজেশ তনয়া। সবার সামনে জানিয়েছিলেন, প্রিয়াঙ্কাকে হাতের কাছে পেলে টেনে মেরে দেবেন এক চড়। অক্ষয়কেও শাসিয়েছিলেন। ফলে আর এগোয়নি অক্ষয়-প্রিয়াঙ্কার লীলা।
সবশেষ অক্ষয় বিতর্কের মুখোমুখি পড়েন ২০০৯ সালে। একটি ফ্যাশন শোয়ে জিন্সের বোতাম খোলার ঘটনাকে কেন্দ্র করে তুমুল বিতর্ক তৈরি হয়। অক্ষয় কুমারের বিরুদ্ধে মামলাও হয়েছিল তখন।
তবে আজকাল যেন অক্ষয়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে বিতর্কের। টুইঙ্কলের সঙ্গে দাম্পত্য জীবনেরও দুই দশক পার করেছেন। আজকাল পরিবার ও কাজের পেছনেই ব্যয় করেন সময়ের পুরোটা।
বাংলা৭১নিউজ/জেএস




























