আগাথা ক্রিস্টির জনপ্রিয় চরিত্র এরকুল পোয়ারো এবং গোয়েন্দা ঘরানার টিভি সিরিজ নিয়ে বিনোদনজগতে আগ্রহের কমতি নেই। দীর্ঘ ২৪ বছর ধরে টেলিভিশনের পর্দায় রাজত্ব করা ব্রিটিশ ডিরেক্টিভ সিরিজ ‘পোয়ারো’র ইতি ঘটেছিল এক অন্ধকারাচ্ছন্ন ও চমকপ্রদ সমাপ্তির মাধ্যমে।
ডেভিড সুচেট অভিনীত এই আইকনিক সিরিজটির সমাপ্তি ঘটার এতদিন পর, চরিত্রটিকে কেন্দ্র করে নতুন টিভি সিরিজ আনার ঘোষণা দিয়েছে বিবিসি।
১৯৮৯ সালে প্রথম প্রচারিত হওয়া এই জনপ্রিয় সিরিজটি ১৩টি সিজনে মোট ২৪ বছর ধরে চলেছিল। এর শেষ পর্বে ‘পর্দা : পোয়ারোর শেষ মামলা’ নামের পর্বে দেখা যায়, স্টিফেন নর্টন নামের এক অদ্ভুত প্রতিপক্ষের মুখোমুখি হন পোয়ারো। নর্টন নিজে সরাসরি কোনো অপরাধ না করে মনস্তাত্ত্বিকভাবে উসকানি দিয়ে অন্যদের দিয়ে খুন করাত।
কোনো আইনি প্রমাণ না থাকায় পোয়ারো তাকে থামাতে বাধ্য হয়ে নিজেই ঠাণ্ডা মাথায় নর্টনকে হত্যা করেন এবং নিজের জীবন উৎসর্গ করেন। একসময়ের নীতিবান গোয়েন্দার নিজেই খুনি হয়ে ওঠার এই ঘটনা পুরো সিরিজের সবচেয়ে বিতর্কিত ও আলোচিত বিষয় হয়ে ওঠে।
তবে দীর্ঘ সময় পর পোয়ারো ভক্তদের জন্য নতুন সুখবর নিয়ে এসেছে বিবিসি। ‘হারকিউল’ শিরোনামে একটি নতুন সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছে স্টুডিওটি, যেখানে পোয়ারোর তরুণ বয়সের গল্প তুলে ধরা হবে।
নতুন এই সিরিজে এরকুল পোয়ারোর চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা এডওয়ার্ড ব্লুমেল। চলতি বছরের গ্রীষ্মেই এর শুটিং শুরু হতে যাচ্ছে। নতুন এই সিরিজ প্রকাশের ঘোষণার পর ডিরেক্টিভ ধারার দর্শকরা আবারও নতুন রূপে পোয়ারোকে পর্দায় দেখার অপেক্ষায় প্রহর গুনছেন।
বাংলা৭১নিউজ/আরএইচ



























