ফেনীর ফুলগাজীতে চলন্ত ক্রাশিং মেশিনে আটকা পড়ে নুর ইসলাম (৬০) নামের এক মিল মালিকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মুক্তবাজার এলাকার হযরত শাহজালাল ক্রাশিং মেশিনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের কালিরহাট গ্রামের বাসিন্দা। তিনি মুক্তবাজারে অবস্থিত হযরত শাহজালাল ক্রাশিং মেশিনের মালিক। এক যুগেরও বেশি সময় ধরে তিনি ওই মিল পরিচালনা করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে এক ব্যক্তি গম ভাঙাতে ওই মিলে আসেন।
এ সময় নুর ইসলাম নিজেই মেশিন চালু করতে যান। মেশিন চালু করার সঙ্গে সঙ্গে তার পরনের লুঙ্গি বেল্টের সঙ্গে আটকে যায়। মুহূর্তের মধ্যে তিনি মেশিনের ভেতরে ঢুকে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে নুর ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী অ্যাডভোকেট খুরশীদ আলম বলেন, ‘আমার চেম্বার মিলের পাশে এ ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা সবাই ছুটে আসেন। আমরাও সেখানে গিয়ে নুর ইসলামের মরদেহ দেখতে পাই। তিনি খুব ভালো মানুষ ছিলেন।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রব বলেন, ‘আমরা মিল মালিক নুর ইসলামের মরদেহ উদ্ধার করেছি।
নিহতের পরিবারের পক্ষ থেকে মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে বলে জানতে পেরেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ























