ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনে স্থায়ী কমিটির সভাপতির পদ বণ্টন নিয়ে বিরোধের জেরে সংসদ থেকে ওয়াকআউট (বের হয়ে গেছেন) করেছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দলের সংসদ সদস্যরা। তবে তারা চলে যাওয়ার পরও বিরোধী দলের দুই সংসদ সদস্য এনসিপির হাসনাত আবদুল্লাহ ও খেলাফত মজলিসের সাইদ উদ্দিন আহমাদ হানজালা তখন সংসদ কক্ষে অবস্থান করেন। পরে হানজালাও কক্ষ ত্যাগ করেন। তবে শেষ পর্যন্ত সংসদ কক্ষে ছিলেন হাসনাত আবদুল্লাহ।
বুধবার (২ সেপ্টেম্বর) সংসদে আরও ১০টি স্থায়ী কমিটি গঠন করা হয়। এসব কমিটির সভাপতির পদে বিরোধী দলের কোনো সংসদ সদস্যকে রাখা হয়নি।
এ বিষয়ে বিরোধী দলের সংসদ সদস্যরা আপত্তি জানান। তাদের দাবি, সংসদে বিরোধী দলের প্রতিনিধিত্বের অনুপাতে স্থায়ী কমিটির সভাপতির পদ তাদের পাওয়ার কথা।
এসময় বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জামায়াতে ইসলামী দলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।
ওই সময় হাসনাত আবদুল্লাহ ও হানজালা কক্ষে অবস্থান করছিলেন। কয়েক মিনিট পর হানজালাও সংসদ কক্ষ ত্যাগ করেন। সংসদ যখন মুলতবি ঘোষণা করা হচ্ছিল তখন হাসনাত আবদুল্লাহ ফ্লোর চান। তখন স্পিকারের আসনে ছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি হাসনাত আবদুল্লাকে ফ্লোর দেন।
এদিকে স্থায়ী কমিটির সভাপতির পদ বণ্টন নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে বিতর্ক হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধীদল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংবিধান সংশোধনসংক্রান্ত কমিটিতে অংশ নিলে তাদের আসনের আনুপাতিক হারে স্থায়ী কমিটির সভাপতির পদ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ






















