মেহেদির রঙে হাতে লেখা ‘বিআরটিসি’। এভাবেই নতুন কর্মজীবনের প্রথম দিন শুরু করেছেন পিংক বাসের এক নারী চালক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে তাকে পিংক বাসের চালকের আসনে দেখা গেছে।
ছবিতে ওই নারী চালককে গোলাপি পোশাকে মাথায় হিজাব পরিহিত অবস্থায় বাস চালাতে দেখা যায়। তার দুই হাতে রয়েছে মেহেদির নকশা। এর মধ্যে এক হাতে লেখা ‘বিআরটিসি’। নতুন কর্মস্থলের প্রতি তার ভালোবাসা, আবেগ ও গর্বের প্রতীক হিসেবেই বিষয়টি নজর কেড়েছে।
জানা গেছে, ছবিটি বিআরটিসিতে ওই নারী চালকের কর্মজীবনের প্রথম দিনের। নতুন অধ্যায়ের সূচনাকে স্মরণীয় করে রাখতে মেহেদির নকশায় প্রতিষ্ঠানের নাম লিখে রাখার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আগ্রহ তৈরি করেছে।
দেশের গণপরিবহন খাতে নারীদের অংশগ্রহণ ধীরে ধীরে বাড়ছে। চালকের আসনে নারীদের উপস্থিতিও সেই পরিবর্তনেরই প্রতিচ্ছবি। পিংক বাসের নারী চালকদের কর্মজীবনের প্রথম দিনের এমন ছবি অনেকের কাছেই হয়ে উঠেছে অনুপ্রেরণার বার্তা।
নারীদের কর্মসংস্থান ও গণপরিবহন খাতে তাদের অংশগ্রহণ বাড়ার এই চিত্রকে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন অনেকে।
বাংলা৭১নিউজ/জেএস























