রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর ২০২৫ সালের ফাইনাল প্রফেশনাল এমবিবিএস পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণের হারে শীর্ষস্থান অর্জন করেছে মাগুরা মেডিকেল কলেজ।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, মাগুরা মেডিকেল কলেজের ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ জন উত্তীর্ণ হয়েছেন। এতে কলেজটির পাসের হার দাঁড়িয়েছে ৯৫ শতাংশ।
দ্বিতীয় স্থানে রয়েছে নওগাঁ মেডিকেল কলেজ। প্রতিষ্ঠানটির ৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ জন উত্তীর্ণ হয়ে ৮৯ শতাংশ পাসের হার অর্জন করেছে।
তৃতীয় স্থানে রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক)। কলেজটির ২৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২১৬ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৮৭ শতাংশ।
এ ছাড়া কুষ্টিয়া মেডিকেল কলেজ, সাতক্ষীরা মেডিকেল কলেজ ও সিরাজগঞ্জ মেডিকেল কলেজ—তিনটিরই পাসের হার ৮৪ শতাংশ। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পাসের হার ৮১ শতাংশ এবং খুলনা সিটি মেডিকেল কলেজে ৮০ শতাংশ।
অন্যদিকে, পাসের হারে সবচেয়ে পিছিয়ে রয়েছে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ। এ কলেজের ৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৫৪ শতাংশ।
ফলাফলে আরও দেখা যায়, পরীক্ষার্থীর সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী অংশ নিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ থেকে। কলেজটির ২৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১ জন অকৃতকার্য হয়েছেন।
শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এ ফলাফল সংশ্লিষ্ট মেডিকেল কলেজগুলোর শিক্ষার মান এবং শিক্ষার্থীদের একাডেমিক প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হবে।
বাংলা৭১নিউজ/জেএস



























