শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

শপথ নিলেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান মিন অং হ্লাইং। শুক্রবার (১০ এপ্রিল) বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পাঁচ বছর আগে নোবেলজয়ী অং সান সুচির বেসামরিক সরকারের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন তৎকালীন সেনাপ্রধান হ্লাইং।

২০২১ সালের ওই ঘটনার প্রতিবাদে মিয়ানমারে গৃহযুদ্ধ শুরু হয়, যা আজও চলছে। প্রায় অর্ধ-দশক বিশেষ অধ্যাদেশের মাধ্যমে সরকারের নেতৃত্ব দেওয়ার পর জানুয়ারিতে সাধারণ নির্বাচনের আয়োজন করেন হ্লাইং।

তবে এতে অংশ নেওয়ার সুযোগ পায়নি সুচির দলসহ বেশ কয়েকটি জনপ্রিয় রাজনৈতিক দল। মূলত, সাবেক সেনাসদস্য ও সেনাবাহিনীর মিত্ররাই এই একপেশে নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হন।

আজ শুক্রবার রাজধানী নেপিদোয় দেশটির পার্লামেন্টে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ৬৯ বছর বয়সি মিন হ্লাইং বলিষ্ঠ কণ্ঠে শপথ গ্রহণ করেন।

এ সময় তিনি মিয়ানমারে ‘ন্যায়বিচার, স্বাধীনতা ও সাম্য প্রতিষ্ঠার’ অঙ্গীকার করেন।

প্রেসিডেন্ট হিসেবে পাঁচ বছরের মেয়াদের শুরুতে তিনি বলেন, ‘আমি মিয়ানমারের সেবায় নিজেকে নিয়োজিত করছি’।

এর আগে সেনাপ্রধানের পদ থেকে ইস্তফা দেন হ্লাইং। সোমবার থেকে মিয়ানমারের নববর্ষের উৎসব থিনগিয়ান শুরু হতে যাচ্ছে।

তবে গণতন্ত্র নিরীক্ষক সংস্থাগুলো এই পুরো প্রক্রিয়াকে নাকচ করেছে। তাদের মতে, প্রহসনমূলক নির্বাচন হয়েছে এবং বর্তমান শাসনব্যবস্থার সঙ্গে সামরিক শাসনের কার্যত কোনো পার্থক্য নেই—এ যেন নতুন মোড়কে পুরনো পণ্যের প্রদর্শনী।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com