বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

এমপি হোস্টেল সংস্কার ও সাউন্ড সিস্টেম আধুনিকায়নের সুপারিশ সংসদ কমিটির

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের আবাসন সংকট নিরসন এবং সংসদ অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেম ও ইন্টারনেটের গতি বৃদ্ধির সুপারিশ করেছে সংসদ কমিটি। মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ার সংসদ সদস্য ভবনগুলোর সংস্কারকাজ দ্রুত শেষ করে আগামী ১০ এপ্রিলের মধ্যে তা বরাদ্দ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সংসদ ভবনে অনুষ্ঠিত ‘সংসদ কমিটির’ ৩য় বৈঠকে এসব বিষয়ে আলোচনা ও সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং নাখালপাড়ায় অবস্থিত সংসদ সদস্য ভবনগুলোর সিভিল, ই/এম ও কাঠের কারখানা বিভাগের সংস্কারকাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়। আগামী ১০ এপ্রিলের মধ্যে এসব ফ্ল্যাট সম্পূর্ণ প্রস্তুত করে সংসদ সদস্যদের মাঝে বরাদ্দের সুপারিশ করেছে কমিটি। পাশাপাশি শেরেবাংলা নগরে অবস্থিত এমপি হোস্টেলের ১৫৬টি অফিস কক্ষ সংস্কার এবং মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ার ভবনগুলোতে ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার তাগিদ দেওয়া হয়।

সংসদ অধিবেশন চলাকালীন নিরবচ্ছিন্ন পরিবেশ বজায় রাখতে অধিবেশন কক্ষে আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ করা হয়েছে। কমিটি জানায়, এমন সাউন্ড সিস্টেম স্থাপন করতে হবে যা শব্দ তৈরির এক সেকেন্ড বা তার কম সময়ের মধ্যে তা শোষণ করতে সক্ষম হবে এবং কোনো প্রকার প্রতিধ্বনি (Echo) তৈরি করবে না। এছাড়া সংসদ কক্ষে বিদ্যমান ইন্টারনেটের ধীরগতি দূর করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংসদ সদস্যদের জরুরি চিকিৎসা নিশ্চিতে সংসদ মেডিকেল সেন্টারে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অফিসার পদায়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়া সংসদ সদস্য ভবন শাখার জনবল সংকট দূর করতে পূর্বের রেওয়াজ অনুযায়ী প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে কমিটির সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, এস এম জাহাঙ্গীর হোসেন, মো. অলি উল্লাহ, মো. সাইফুল আলম ও মো. আবুল হাসনাত উপস্থিত ছিলেন। এছাড়া সংসদ সচিবালয়ের সচিব, অতিরিক্ত সচিব এবং গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com