বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে বর-বধূসহ ১৪ জন নিহতের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
শুক্রবার (১৩ মার্চ) রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিনকে প্রধান করে কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন বাগেরহাটের বিআরটিএ সহকারী পরিচালক লায়লাতুল মাওয়া ও মোংলা সার্কেরের সহকারী পুলিশ সুপার রেফাতুল ইসলাম। তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তাদের রিপোর্ট প্রদান করতে নির্দেশ দেয়া হয়েছে।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন কমিটির গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিন সদস্যের তদন্ত কমিটি দেশব্যাপী আলোচিত এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধান, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও দুর্ঘটনার নিহত প্রত্যেক সদস্যের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে।
ইতোমধ্যে নিহত মাইক্রোবাসচালক মো. নাঈম শেখের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে খুলনার কয়রা উপজেলার নকশা গ্রামে মার্জিয়া আক্তারের সঙ্গে বাগেরহাটের মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের ছেলে সাব্বিরের বিয়ে হয়। বিয়ের পর বরযাত্রীদের নিয়ে মাইক্রোবাসটি বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের বেলাই সেতু এলাকায় পৌঁছালে নৌবাহিনীর একটি স্টাফ বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বিএনপি নেতা রাজ্জাক, বর-বধুসহ ১৪জন নিহত হয়।
বাংলা৭১নিউজ/এবি
























