শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

হাদিকে হত্যাচেষ্টা: এবার আটক ফয়সালের বাবা

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান বিন হাদির উপর হামলার ঘটনায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবাকে আটকের কথা জানিয়েছে র‌্যাব।

আটকের পর দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের তথ্য দিয়ে র‌্যাব বলেছে, ফয়সালের মাকেও জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাবের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

র‌্যাবের আইন ও গনমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাত ১২টার দিকে গণমাধ্যমকে তিনি বলেন, “ফয়সাল করিমের বাবা হুমায়ুন কবিরকে আটক করা হয়েছে। এরপর নরসিংদী থেকে দুটো পিস্তল ও একটি পিস্তল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

“এরমধ্যে একটি পিস্তল হাদির ওপর হামলায় ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফয়সালের মাকেও রাতে র‌্যাবের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে।”

পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র‌্যাবের মুখপাত্র।

এর আগে ফয়সালের স্ত্রী, বান্ধবী, শ্যালক, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে একজন, সহযোগী কবীর ও তাকে পাচারে সহায়তার অভিযোগে সীমান্ত থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়

হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের সম্মতি নিয়ে রোববার রাতে পল্টন থানায় হত্যাচেষ্টা মামলাটি করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।

গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি হামলার শিকার হন।

চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।

গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুরে।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com