শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী মো. কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আদেশ দেন।

এর আগে কবিরকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে ডিএমপির মতিঝিল জোনাল টিমের গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে পুলিশ জানায়, গ্রেফতার কবির মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের ঘনিষ্ঠ সহযোগী। ঘটনার আগে ও পরে আসামিদের আত্মগোপনে সহযোগিতা, পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা এবং যোগাযোগ রক্ষার বিষয়ে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

 

পুলিশের দাবি, কবিরকে রিমান্ডে নিলে হত্যাচেষ্টার পূর্বপরিকল্পনার বিস্তারিত তথ্য, ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্য আসামিদের পরিচয় ও অবস্থান, ব্যবহৃত অগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেল উদ্ধারের সূত্র এবং অর্থের জোগান ও মদতদাতাদের পরিচয় উদঘাটন সম্ভব হবে।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক প্রার্থী ও কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি, নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এবং দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যেই এই হত্যাচেষ্টার ঘটনা ঘটানো হয়েছে।

এ ঘটনায় পল্টন মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্তে আরও গ্রেফতার ও রিমান্ড আবেদন হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ জানায়, গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি চালানো হয়। এতে তিনি মাথা ও কানের নিচে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে তাকে বিদেশে নেওয়া হয়। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানিয়েছে পরিবার।

সোমবার (১৫ ডিসেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকা থেকে কবিরকে আটক করে র‍্যাব-১১। কবিরের বাড়ি পটুয়াখালীর সদর উপজেলায়। বাবার নাম মৃত মোজাফফর।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com