এই মুহূর্তে ভারতীয় দলে না থেকেও তুমুল আলোচনায় মোহাম্মদ সিরাজ। জাতীয় দলের একসময়ের নিয়মিত মুখ এখন যেন অনেকটাই আড়ালে। সাদা বলের ক্রিকেটে এখন আর নিয়মিত নন। একমাত্র লাল বলে ছিলেন দলের অপরিহার্য।
ভারতের টেস্ট একাদশ মানেই যেন মোহাম্মদ সিরাজের নাম থাকাটা অবধারিত। তবে চলমান নিউজিল্যান্ড সিরিজে সেই ধারাটা ভাঙলেন কোচ গৌতম গম্ভীর। প্রথম টেস্টের পর চলমান দ্বিতীয় টেস্টেও জায়গা হয়নি ভারতের অন্যতম সফল এই পেসারের।
সিরাজের বাদ পড়া ইস্যুতে খোদ ভারতের ক্রিকেটাঙ্গনেই তীব্র সমালোচনা হচ্ছে। টিম ম্যানেজমেন্ট তথা গৌতম গম্ভীরকে ধুয়ে দিচ্ছেন সমর্থকরা। সিরাজ ইস্যুতে সরব সাবেক তারকারাও। প্রথম টেস্টে সিরাজ বাদ পড়ার পর ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার ‘মেনে নেওয়া কিছুটা কঠিন’ বলে মন্তব্য করেছিলেন। সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রীও অসন্তোষ প্রকাশ করে সিম-সহায়ক কন্ডিশনে সিরাজের অভিজ্ঞতা ও আক্রমণাত্মক মানসিকতার গুরুত্ব তুলে ধরেছিলেন।
দ্বিতীয় টেস্টেও সিরাজকে দলে ফেরায়নি টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় সুযোগ পেয়েছেন অনভিজ্ঞ ও আনকোরা পেসাররা। টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক বলছিলেন,‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’
মোহাম্মদ কাইফও সিরাজের বাদ পড়া নিয়ে হতাশ, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’
এর আগে প্রথম টেস্টে বাদ পড়ার পর সিরাজের ধর্ম পরিচয়কে ‘কারণ’ হিসেবে উল্লেখ করে সমালোচনা উস্কে দিয়েছিলেন কংগ্রেস নেতা ইমরান মাসুদ। তার মতে, ভালো পারফরম্যান্স সত্ত্বেও সিরাজকে দলে রাখা হয়নি শুধু তার নামের কারণে। কংগ্রেসের এই নেতার দাবি, সিরাজের নাম মুসলিম পরিচয় বহন করায় তাকে একাদশে সুযোগ দেওয়া হয়নি। যদিও এমন মন্তব্য ঘিরেও কম বিতর্ক হয়নি।
এদিকে, সিরাজের বাদ পড়া ইস্যুতে অবশেষে নিরবতা ভেঙেছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। পেসারের বাদ পড়ার পেছনে ক্রিকেটের বাইরের অন্য কোনো কারণ রয়েছে, এমন গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছেন বোর্ড সহ-সভাপতি রাজীব শুক্লা।
তার মতে, একাদশ নির্বাচনের বিষয়টি পুরোপুরি অধিনায়ক ও প্রধান কোচের এখতিয়ারভুক্ত এবং এখানে ব্যক্তিগতভাবে কোনো খেলোয়াড়কে জড়ানো অনুচিত। সংবাদ সংস্থা পিটিআইকে শুক্লা বলেন, ‘আমার মনে হয় না তাকে (সিরাজ) কোনো ধরনের বিতর্কের মধ্যে টানা উচিত। এটি ঠিক নয়। একাদশ নির্বাচন করার দায়িত্ব কোচ এবং অধিনায়কের। অযথা একজন খেলোয়াড়কে এ ধরনের বিতর্কে জড়ানো ভালো নয়।’
ক্রিকেটের বাইরের কোনো কারণে সিরাজকে বাদ দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় না এটি কোনো কারণ হতে পারে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। সে দলেরই অংশ। পিচের কন্ডিশন এবং নির্দিষ্ট দিনে উইকেট কেমন আচরণ করছে, এসব দিক বিবেচনায় রেখেই একাদশ চূড়ান্ত করতে হয়। সবকিছু মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ






















