আবারও চেনা ছন্দে ফিরছেন জুড বেলিংহ্যাম। রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন ইংল্যান্ডের এই মিডফিল্ডার। তার এমন প্রত্যাবর্তন স্বস্তি দিচ্ছে রিয়াল মাদ্রিদ সমর্থকদের, অন্যদিকে দুশ্চিন্তা বাড়াচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার।
পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে পিছিয়ে পড়েছিল রিয়াল। সেখান থেকে দলকে ম্যাচে ফেরাতে বড় ভূমিকা রাখেন বেলিংহ্যাম। টানা তিনবার বাতাসে বল স্পর্শ করে দুর্দান্ত এক গোল করেন তিনি।
তবে বেলিংহ্যামের অবদান শুধু গোলেই সীমাবদ্ধ নয়। বল নিয়ে তার দুরন্ত গতি, শারীরিক শক্তি এবং প্রতিপক্ষের রক্ষণ ভেঙে বক্সে ঢুকে পড়ার ক্ষমতা রিয়ালের আক্রমণে নতুন মাত্রা যোগ করেছে। কিলিয়ান এমবাপ্পে নিয়মিত গোল করছেন, ভিনিসিয়ুস জুনিয়রও ধীরে ধীরে ছন্দে ফিরছেন। তবে রিয়ালের আক্রমণভাগের মূল শক্তি হয়ে উঠেছেন বেলিংহাম, আরদা গুলার ও ফেদেরিকো ভালভের্দে।
ছলতি চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত শতভাগ জয় ধরে রেখেছে রিয়াল। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ১৫। লা লিগাতেও বার্সেলোনার সঙ্গে শিরোপার লড়াইয়ে ভালোভাবেই টিকে আছে দলটি। অথচ গত দুই মৌসুমে ট্রফিশূন্য থাকতে হয়েছিল রিয়ালকে। সেই সময়টাতেই বেলিংহ্যামের পারফরম্যান্সেও ভাটা পড়েছিল। এখন আবার প্রথম মৌসুমের সেই নেতৃত্ব ও গোল করার ধার ফিরে পেয়েছেন তিনি।
রিয়ালের জার্সিতে প্রথম মৌসুমে ২৩ গোলের পাশাপাশি ১৩টি অ্যাসিস্ট করেছিলেন বেলিংহ্যাম। তার পারফরম্যান্সে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল মাদ্রিদ। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে গোল করেছিলেন আটটি। অথচ চলতি মৌসুমে নভেম্বর শেষ হওয়ার আগেই তার গোল সাতটি।
বাংলা৭১নিউজ/আরএইচ






















