গুণী নির্মাতা ও শিক্ষক জাহিদূর রহিম অঞ্জনের জন্মদিন আগামীকাল (২৭ নভেম্বর)। তিনি নেই, তবে তাকে ঘিরে আয়োজন হবে ঠিকই। অঞ্জন স্মরণে তিন দিনের অনুষ্ঠান করছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম।
আগামীকাল শুক্রবার বিকাল ৪টায় ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে শুরু হবে প্রথম দিনের আয়োজন। এতে থাকবে আলোকচিত্র ও স্মৃতিচিহ্ন প্রদর্শনী ও স্মরণসভা। এছাড়া প্রদর্শিত হবে তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মর্নিং’ (১৯৯০)। এতে অভিনয় করেছিলেন ইরফান খান, যিনি পরবর্তীতে বলিউডের কিংবদন্তি অভিনেতা হয়ে ওঠেন। বহু বছর ধরে ভারতের পুনে ফিল্ম ইনস্টিটিউটের পাঠ্যসূচীতে ছিল এই সিনেমাটি।
এছাড়াও ২৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা অব্দি চলবে বিভিন্ন আলোকচিত্র প্রদর্শনী এবং অঞ্জনের নানা কাজ নিয়ে চর্চা।
উল্লেখ্য, জাহিদুর রহিম অঞ্জনের জন্ম ১৯৬৪ সালের ২৭ নভেম্বর খুলনায়। গ্র্যাজুয়েশনের পর তিনি উচ্চশিক্ষার জন্য ভারতের পুনে ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হন। সেখানেই নির্মাণ করেন ‘মর্নিং’ (১৯৯০)। পরবর্তী সময়ে দেশের স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাণে অসামান্য ভূমিকা রেখেছেন তিনি।
দীর্ঘদিন পর ২০১৪ সালে অঞ্জন নির্মাণ করেন নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘমল্লার’। এটি প্রদর্শিত হয় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি বিভাগে। কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালকসহ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের একাধিক শাখায় সম্মাননা অর্জন করেন।
সর্বশেষ তিনি সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস অবলম্বনে নির্মাণ করেছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চাঁদের আমাবস্যা’। কিন্তু এটি মুক্তি দেয়ার আগেই গত বছরের ২৪ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান এই গুণী নির্মাতা।
বাংলা৭১নিউজ/আরএইচ



























