মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর ২৩তম কাউন্সিল সভা এবং ১৯তম গ্রাজুয়েশন সেরিমনি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার মিরপুর সেনানিবাসে অবস্থিত এমআইএসটি ক্যাম্পাসে কাউন্সিল সভা ও গ্রাজুয়েশন সেরিমনি অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউন্সিল অব এমআইএসটির সভাপতি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।
এমআইএসটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ২৩তম কাউন্সিল সভায় প্রতিষ্ঠানের সামগ্রিক একাডেমিক কার্যক্রম, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় প্রতিষ্ঠানের চলমান অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত শিক্ষার উৎকর্ষ সাধনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা, প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কাউন্সিল সভা শেষে প্রধান অতিথি এমআইএসটির নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্স আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং এর বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ এবং দলগত সহযোগিতার মনোভাব গড়ে তোলার ক্ষেত্রে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। নবনির্মিত এই স্পোর্টস কমপ্লেক্স শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
প্রধান অতিথি হিসেবে এমআইএসটির ১৯তম গ্রাজুয়েশন সেরিমনিতে তিনি ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পদক ও সনদ বিতরণ করেন। সফলভাবে শিক্ষাজীবন সম্পন্ন এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তিনি গ্রাজুয়েট শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ, জাতীয় মূল্যবোধে উজ্জীবিত, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নতুন প্রজন্ম গড়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি এমআইএসটিকে একটি রোল মডেল হিসেবে উল্লেখ করে শিক্ষার্থীদের দক্ষ, বিবেকবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ‘সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্র ধারণ করে মেধা ও মননের পূর্ণ বিকাশের মাধ্যমে দেশের অগ্রযাত্রায় অবদান রাখার জন্য গ্রাজুয়েটদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে গ্র্যাজুয়েশন স্পিকার ছিলেন বিশিষ্ট অভিনেতা, নাট্যকার ও প্রকৌশলী আবুল হায়াত। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সঙ্গে অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও মনোনিবেশ করার এবং পিতা-মাতা, শিক্ষক ও দেশের সাধারণ মানুষের প্রতি দায়িত্বশীল ও সহানুভূতিশীল হওয়ার পরামর্শ দেন।
এমআইএসটির ১৯তম গ্রাজুয়েশন সেরিমনিতে ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ৩৬৬৮ জন শিক্ষার্থী স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। তাঁদের মধ্যে ৯৪৩ জন সামরিক, ২৭১৮ জন বেসামরিক এবং ৭ জন বিদেশি শিক্ষার্থী ছিলেন। কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ ২০০২-২০০৯ এবং ২০২০-২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন বিভাগের ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে ‘ওসমানী মেমোরিয়াল গোল্ড মেডেল’ এবং ৬৫ জন শিক্ষার্থীকে ‘এমআইএসটি মেডেল’ প্রদান করা হয়।
শিক্ষার্থীদের ব্যবহারিক ও শিল্পখাতভিত্তিক জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করার লক্ষ্যে এমআইএসটি বিভিন্ন বিষয়ে ৩৫টি স্কিল ডেভেলপমেন্ট কোর্স চালুর উদ্যোগ গ্রহণ করেছে। এসব কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মজীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করে তোলা সম্ভব হবে। আগামী শিক্ষাবর্ষ থেকে এমআইএসটির নিয়মিত চারটি ব্যাচের পাশাপাশি ২০২৬ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একটি ব্যাচ অতিশীঘ্রই ভর্তি করা হবে। এর ফলে এমআইএসটির শিক্ষা কার্যক্রম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পর্যায়ের জাতীয় শিক্ষাসূচির সাথে সামঞ্জস্যপূর্ণ থাকবে। নতুন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর অত্যন্ত স্বল্প সময় অপেক্ষা করতে হবে। এসব উদ্যোগের ফলে এমআইএসটির একাডেমিক সক্ষমতা প্রায় ২৭ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা, সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানগণ, স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ, এমআইএসটির সকল সামরিক, অসামরিক কর্মকর্তা-কর্মচারী ও ফ্যাকাল্টিগণ, গ্রাজুয়েট শিক্ষার্থীদের অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।’
বাংলা৭১নিউজ/আরএইচ






















