চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নাশকতার প্রস্তুতির অভিযোগে ১৯টি তাজা ককটেল ও ৮৫ গ্রাম হেরোইনসহ আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নাশকতার প্রস্তুতির অভিযোগে ১৯টি তাজা ককটেল ও ৮৫ গ্রাম হেরোইনসহ আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। রবিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ধোবড়া গ্রামের একটি বাড়িতে পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।
সোমবার বিকেলে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আটক আমিনুল ইসলাম কানসাট ধোবড়া গ্রামের লুৎফল হকের ছেলে।
সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন অপু বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার ধোবড়া গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালায়। এ সময় বাড়িটি থেকে ১৯টি তাজা ককটেল ও ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি আমিনুল ইসলামকে আটক করা হয়।
তিনি বলেন, আটক আমিনুলের স্বীকারোক্তি অনুযায়ী, ককটেলগুলো নাশকতার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।
ব্যাটালিয়ন অধিনায়ক আরও জানান, সোমবার সন্ধ্যায় আটক আমিনুলকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, সীমান্তে বিজিবির কঠোর নজরদারি জোরদার করা হয়েছে, যাতে অবৈধভাবে সীমান্ত পারাপার ও মালামাল পাচার রোধ করা যায়।
বাংলা৭১নিউজ/আরএইচ



























